ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন

সামিরা খান মাহিছবি : মাহির ফেসবুক থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র এক দিন। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। এবারের আসরে মাহির মুকুট জয়ের সম্ভাবনা কতটা? আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কেমন করলেন তিনি? ফাইনালের আগমুহূর্তে এসব প্রশ্নই ঘুরছে দেশের সৌন্দর্যসচেতন মানুষের মনে।

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা হয় সামিরা খান মাহির। ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে কী মনে হচ্ছে, এমন প্রশ্ন করতেই হাস্যোজ্জ্বল মাহি বললেন, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে। এমনিতে গতকাল সবার কাছ থেকে বেশ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি।’

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও প্রস্তুত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে ফাইনালের আগে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু অভিজ্ঞতাও হয়েছে তাঁর। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগটিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন

অল্প সময়ে প্রস্তুতি, পাশে ছিলেন মিথিলা

এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার বিষয়টি মাহির জন্য এসেছে বেশ আকস্মিকভাবে। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পান তিনি। আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁকে মুকুট পরিয়ে দেন। এর মাত্র এক দিন পর, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। ফলে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতির সময় পেয়েছেন খুবই কম।

মিস ইউনিভার্স বাংলাদেশ মঞ্চে অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহিকে মুকুট পরান তানজিয়া জামান মিথিলা
ছবি : আয়োজকদের সৌজন্যে

প্রথম আলোকে দেওয়া আগের এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, জীবনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত, একই সঙ্গে কিছুটা উদ্বিগ্নও। প্রস্তুতির স্বল্পতায় মিথিলার কাছ থেকে নানা পরামর্শ পেয়েছেন। পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হবে, সেসব বিষয়েও তাঁকে সহযোগিতা করেছেন মিথিলা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ৩৫টি পোশাক সঙ্গে নিয়েছেন মাহি।

আরও পড়ুন
আরও পড়ুন

জাতীয় পোশাকে বাংলাদেশের গল্প

মিস ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় পর্ব জাতীয় পোশাক প্রদর্শনী। ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা ছিল মাতৃত্ব। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ ভাবনায় মায়ের সঙ্গে সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার গল্প তুলে ধরেছেন তিনি।

বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় মিস ইউনিভার্সে জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন সামিরা খান মাহি
ছবি: ফেসবুক থেকে

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেছেন বিশ্বজিৎ মজুমদার। শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব, এরপর বার্ধক্যে পৌঁছানোর গল্প। সব মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর জীবনের এক অন্য রকম উপস্থাপনা ছিল মাহির এই আয়োজন। জাতীয় পোশাকের পর্বে তাঁর পরিবেশনা নিয়ে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা হয়েছে।

ভোটে এগিয়ে থাকার অভিজ্ঞতা

মিস ইউনিভার্সে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ। এবারের প্রতিযোগিতায় মাহির পক্ষে ভোট দিতে দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। প্রতিযোগিতার দর্শকভোটে একপর্যায়ে ভালো অবস্থান তৈরি করেছিলেন তিনি। ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁকে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং সর্বমোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে থাকার কথা জানানো হয়েছিল। এই ভোটের মাধ্যমে সেরা ৩০-এ সরাসরি জায়গা পাওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগীদের। তবে ভোটের অবস্থান পরিবর্তনশীল।

আরও পড়ুন

বাংলাদেশের জন্য মিস ইউনিভার্সের মঞ্চে সাফল্যের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে প্রথমবার অংশ নেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। তবে ২০২৫ সালে বাংলাদেশকে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তাঁর এই অর্জন বাংলাদেশের দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করে। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব মাহির কাঁধে।

সামিরা খান মাহি
ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

অপেক্ষা ফাইনালের

এবারের প্রতিযোগিতায় শতাধিক দেশের প্রতিনিধির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহি। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় তখন ২৫ নভেম্বর সকাল ছয়টা। যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ ও মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ ফাইনালে নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।

মাহি কি পারবেন মিথিলার সাফল্য ছাড়িয়ে বাংলাদেশে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট এনে দিতে? উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই। আপাতত মাহির মতে, প্রতিযোগিতাটি কঠিন হলেও আশা ছাড়ছেন না তিনি। অল্প সময়ের প্রস্তুতি, নতুন অভিজ্ঞতা আর বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন মাহি। তাঁর মুকুট জয়ের স্বপ্ন পূরণ হবে কি না, তা জানতে এখন তাকিয়ে থাকতে হবে ফাইনালের দিকে।