প্রেম করছেন নাজনীন নীহা, প্রেমিক কে? অভিনেত্রী যা জানালেন
তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও সরব সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এবার গুঞ্জনের সূত্রপাত অন্য কারও নয়, স্বয়ং অভিনেত্রীরই একটি ফেসবুক আপডেট থেকে। নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর বাগ্দানের খবর। কিন্তু নীহা বলছেন, তিনি বাগ্দানের ঘোষণা দেননি; শুধু এটুকু জানিয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন।
আজ সোমবার ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই ধরে নেন, চুপিসারে বাগ্দান সেরে ফেলেছেন অভিনেত্রী। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়ে মন্তব্য করেছেন। তবে এসব প্রশ্নের জবাব তখন দেননি নীহা। অভিনেত্রী নীহার সেই ফেসবুক পোস্টে প্রায় সাড়ে তিন হাজারের মতো মন্তব্য এসেছে। রিঅ্যাকশন এসেছে ১৮ হাজারের মতো।
পরে প্রথম আলোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী স্পষ্ট করেন, ‘আমি কিন্তু কোথাও বাগ্দানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।’
প্রেমের সম্পর্কের বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করলেও সেই বিশেষ মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নাজনীন নীহা। তিনি বলেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি এখন আর সিঙ্গেল না। কোনো না কোনোভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকেই জানিয়েছি।’
তবে প্রেমিক কে—এই প্রশ্নের উত্তর আপাতত রহস্যই থাকছে। নীহা জানান, উপযুক্ত সময় এলেই দুজনের পরিচয় সবার সামনে আনবেন। এখনই সম্পর্ক নিয়ে এর বেশি কিছু বলতে চান না তিনি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ। এবার অবশ্য গুঞ্জন নয়, নিজের মুখেই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন নাজনীন নীহা।