ফুফুকে ভালোবেসেছেন দর্শক, চাচিকে দেখে মন খারাপ
ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–তে ফুফুর চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন দীপা খন্দকার। তিনিই এবার ফিরে আসার গল্প ধারাবাহিকে চাচির চরিত্র করে প্রশংসা পাচ্ছেন। ঈদের সিনেমা ‘আবার দেখা হলে’–এর শুটিংয়ে এখন কুষ্টিয়ায় আছেন অভিনেত্রী। গত রোববার হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলম
বাইরে বের হলে এখন কেউ কেউ দীপা খন্দকারের দিকে মন খারাপ করে তাকিয়ে থাকেন। কেউ আবার কাছে এসে বলেও দেন, চাচির চরিত্রে তাঁকে দেখতে তাঁদের ভালো লাগে না। ‘এটা আমাদেরই গল্প’–এর ফুফুকে যাঁরা আপন করে নিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে আসার গল্প–তে নেতিবাচক চরিত্রে দীপাকে মেনে নিতে পারছেন না। দীপা বলেন, ‘কদিন আগে বাইরে বেরিয়েছিলাম। এক দর্শক কিছুটা মন খারাপ করেই বললেন, “আপনাকে ফুফু চরিত্রেই ভালো লাগছিল। চাচি চরিত্রে আপনাকে দেখতে ভালো লাগে না। আপনাকে ভালো মানুষের চরিত্রে ভালো লাগে।” মন্তব্যেও অনেকে লেখেন, “ওনাকে এখন খুবই বিরক্ত লাগে।” কেন আমি এ ধরনের চরিত্রে অভিনয় করি, তা নিয়েও নানা কথা শুনি। এই যে একটা চরিত্র নিয়ে দর্শকের এত কথা, এটাই তো শিল্পী হিসেবে আমার সার্থকতা।’
দীপা বলেন, ‘কদিন আগে বাইরে বেরিয়েছিলাম। এক দর্শক কিছুটা মন খারাপ করেই বললেন, “আপনাকে ফুফু চরিত্রেই ভালো লাগছিল। চাচি চরিত্রে আপনাকে দেখতে ভালো লাগে না। আপনাকে ভালো মানুষের চরিত্রে ভালো লাগে।” মন্তব্যেও অনেকে লেখেন, “ওনাকে এখন খুবই বিরক্ত লাগে।” কেন আমি এ ধরনের চরিত্রে অভিনয় করি, তা নিয়েও নানা কথা শুনি। এই যে একটা চরিত্র নিয়ে দর্শকের এত কথা, এটাই তো শিল্পী হিসেবে আমার সার্থকতা।’
ফিরছেন ফুফু–চাচারা
দীপার মনে আছে, নাটকের গল্প থেকেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল পরিবারের নানা চরিত্র। পরিস্থিতি এখন বদলাচ্ছে। সেসব চিত্রনাট্যে পরিবারের হারিয়ে যাওয়া চরিত্রগুলো আবার জায়গা পাচ্ছে। দীপা বলেন, ‘আগে অনেক নাটকে চরিত্রগুলোকে শুধু ফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে দেখা যেত। এখন মা–বাবাসহ পরিবারের সবাইকে পর্দায় দেখা যাচ্ছে। এখন একটা চল শুরু হয়েছে, পরিবারের গল্প নিয়ে নাটক বানাতে হবে। এটা ইতিবাচক। ফুফা–ফুফু, মামা–চাচা থেকে শুরু করে পরিবারের সবাই থাকছেন। আমাদের সময়ের অনেক গুণী অভিনয়শিল্পী নিয়মিত কাজ করতেন না। তাঁরা এখন আবার ব্যস্ত হচ্ছেন।’
আগে অনেক নাটকে চরিত্রগুলোকে শুধু ফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে দেখা যেত। এখন মা–বাবাসহ পরিবারের সবাইকে পর্দায় দেখা যাচ্ছে। এখন একটা চল শুরু হয়েছে, পরিবারের গল্প নিয়ে নাটক বানাতে হবে। এটা ইতিবাচক। ফুফা–ফুফু, মামা–চাচা থেকে শুরু করে পরিবারের সবাই থাকছেন। আমাদের সময়ের অনেক গুণী অভিনয়শিল্পী নিয়মিত কাজ করতেন না। তাঁরা এখন আবার ব্যস্ত হচ্ছেন।
১২ দিনের শুটিং গড়াচ্ছে ২০ দিনে
ফুফু ও চাচির চরিত্রের জনপ্রিয়তা দীপাকে নতুন করে ব্যস্ত করে তুলেছে। একের পর এক ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। শুটিংয়ের জন্য মাসে ১২ দিন রাখতে চান তিনি। বাস্তবে শুটিং করতে হচ্ছে ২০ দিনের বেশি। সন্তানদের সঙ্গে নিজের মতো করে সময় কাটানোর ইচ্ছা থাকলেও শুটিংয়ের চাপে সব সময় তা হয়ে ওঠে না। দীপার কথায়, ‘আমার বাচ্চারা এখনো অনেক ছোট। ওদের সময় দিতে হয়, পরিবারকেও সময় দিতে হয়। কিন্তু এত গল্প, এত চিত্রনাট্য আসে! সবাই তো আমাকে ভালোবেসেই চরিত্র দেন। তারপরও অনেক গল্পে কাজ করা হয়ে ওঠে না।’
ফুফু বা চাচির ভূমিকায় দীপাকে দেখে নির্মাতাদের কেউ কেউ কাছাকাছি ধরনের চরিত্রে তাঁকে ভাবছেন। চিত্রনাট্যে সামান্য হেরফের থাকলেও একই ধরনের ভূমিকায় বারবার ফিরতে চান না দীপা, ‘চরিত্রে হয়তো কিছুটা বৈচিত্র্য থাকে। তবু করতে চাই না। কারণ, দর্শক অনেক মনোযোগ দিয়ে আমার চরিত্রগুলো দেখেন। এমন গল্প খুঁজি, যেখানে নতুন কিছু করার সুযোগ পাব।’
ফুফু ও চাচির চরিত্রের জনপ্রিয়তা দীপাকে নতুন করে ব্যস্ত করে তুলেছে। একের পর এক ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। শুটিংয়ের জন্য মাসে ১২ দিন রাখতে চান তিনি। বাস্তবে শুটিং করতে হচ্ছে ২০ দিনের বেশি।
ঈদের সিনেমা নিয় চাপ
দীপার বরাবরই সিনেমায় অভিনয়ের আগ্রহ। তবে পছন্দের গল্প ও চরিত্রের সঙ্গে সব সময় ব্যাটে–বলে মেলে না। শুধু নাম লিখিয়ে সিনেমার সংখ্যা বাড়াতেও চান না। তবে এবার মনের মতো একটি চরিত্র পেয়েছেন। কী দেখে ‘আবার দেখা হলে’–তে রাজি হলেন? দীপা বলেন, ‘আমাদের চারপাশে যে মধ্যবিত্ত জীবন দেখি, গল্পটা সেখানকার। এখানে পরিবারের আবেগ আছে, মূল্যবোধ আছে। বাস্তব জীবনের দ্বন্দ্ব আর নাটকীয়তাও আছে।’ ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এখন কুষ্টিয়ায় শুটিং চলছে।
ছোট পর্দার ফুফু আর চাচিকে নিয়ে দর্শকের এত প্রতিক্রিয়া। সেই দর্শক সিনেমার চরিত্রটিকে কীভাবে নেবেন, তা নিয়ে কি কোনো চাপ অনুভব করছেন? দীপা বলেন, ‘চাপ তো থাকেই। তবে সিনেমায় আমাকে দেখে তাঁরা হতাশ হবেন না। ফুফু, চাচির মতো এই চরিত্রও দর্শকের মনে জায়গা করে নেবে বলে আশা করি।’