শুটিংয়ে গেলে যমজ সন্তানদের কীভাবে সামলান অভিনেত্রী শিমু

সন্তানের সঙ্গে সুমাইয়া শিমু
ছবি: শিল্পীর সৌজন্যে

অভিনেত্রী সুমাইয়া শিমু তাঁর জীবনের যেন সেরা সময়গুলো কাটাচ্ছেন। সেরা বলার কারণ, এই সময়গুলো কাটছে যমজ দুই সন্তানকে নিয়ে। এ নিয়ে জানতে চাইলে শিমু বললেন, ‘আমার দুই দুষ্টুকে নিয়ে সময়গুলো দ্রুত কেটে যাচ্ছে। ওদের পেছনে ছুটতে ছুটতেই দিন কেটে যায়। মা হিসেবে এই ভালো লাগাটা অন্য রকম।’ সন্তানদের সময় দেওয়ার জন্য দীর্ঘ সময় তিনি শুটিং করেননি। এতে ছেড়েছেন গুরুত্বপূর্ণ অনেক কাজ। সেই শিমু এবার ব্যস্ত হচ্ছেন ধারাবাহিক নাটকে।

শিমুর এবারের ফেরা যেমন চ্যালেঞ্জিং, তেমন ভাবাচ্ছে দুই সন্তানের কথা। কারণ, দীর্ঘ সময় পর তিনি ধারাবাহিক নাটকে ফিরছেন। শিমু বললেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। একের পর এক সবাই ফোন করছেন। পরে জানতে পারলাম, আমাদের ধারাবাহিক নাটকের পোস্টার ছাড়া হয়েছে। আমি অভিভূত। এখনো শুটিং শুরু করিনি। অথচ সবাই যেভাবে উইশ করছেন, এটা আমার জন্য চ্যালেঞ্জের। কারণ, দর্শকদের জন্য দায়বদ্ধতা আরও বহুগুণ বেড়ে যায়। ’

সন্তানের সঙ্গে সুমাইয়া শিমু
ছবি: শিল্পীর সৌজন্যে

শিমু এর আগে ‘এফএনএফ’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ললিতা’, ‘স্বপ্নচূড়া’সহ একাধিক ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পান। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘লেট ড্রাইভ লেন’ ধারাবাহিকে। কেন মনে হলো এত দিন পর ধারাবাহিকে ফিরবেন? ‘আমি তো সব সময়ই ভালো কাজ করতে চেয়েছি। সেখানে (মোস্তফা কামাল) রাজ পরিকল্পনা জানানোর পর যুক্ত হয়েছি। এর আগেও আমরা ভালো টিম ছিলাম। এদিকে সে–ও তো এখন অনেক ভালো কাজ করছে। দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। সেটাও একটা চাপ। এখনো শুটিং শুরু হয়নি। তবে আমার কাছে মনে হচ্ছে, দর্শক ভালো কিছুই পাবেন। সেই চেষ্টা আমাদের রয়েছে।’

নিয়মিত হচ্ছেন অভিনয়ে
ব্যস্ত ক্যারিয়ার থেকে একসময় পরিবারকে সময় দেওয়ার জন্য শুটিং থেকে সরে যান শিমু। একসময় জানান মা হয়েছেন। পরে পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন। অভিনয়ের সুযোগ থাকলেও সন্তানদের সময় দিয়েছেন। কিন্তু এখন নাকি পরিকল্পনা আলাদা। নিয়মিত কাজ করার জন্য প্রস্তুত। ‘আমি তো অভিনয় ছাড়া অন্য কিছুর মধ্যে নেই। এটাই আমার ভালো লাগার জায়গা। সেই জায়গা থেকে দূরে থাকাটা কষ্টের। অভিনয়কে সব সময় মিস করি। এখন হয়তো আবার নিয়মিত হওয়ার সময় হচ্ছে,’ বলেন শিমু। কারণ শুধু নাটকই নয়, সামনে তাঁর সিনেমাতেও অভিনয় করার কথা রয়েছে। তবে সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চান না। সময় হলেই জানাবেন।

অভিনেত্রী সুমাইয়া শিমু নতুন ধারাবাহিক নাটকে

দুই যমজ শিশুর গল্প
একটা সময় বড় চিন্তা ছিল যমজ দুই শিশুকে নিয়ে। অভিনয়ে বা বাইরে গেলে সন্তানেরা কোথায় থাকবে, এসব ভাবাত। এখন সেই চিন্তা না অনেকটাই কম। শিমু জানালেন, এখন প্রায়ই দুই ছেলেকে রেখে বাইরে যান। প্রথম দিকে ছেলেরা কান্নাকাটি করলেও এখন তারা মানিয়ে নিয়েছে। ‘আমি এখন বাইরে গেলে দুই ছেলে বলে, “আম্মু টা টা।” তারা এখন আর কাঁদে না। আমাকে ছাড়াই থাকা শিখে যাচ্ছে। প্রথম দিকে এক–দুই ঘণ্টা, এখন আরেকটু বেশি সময় থাকলেও তারা মন খারাপ করে না।’
শিমু হেসে বললেন, ‘এখন এমন হয় আমি বাইরে গেলে টা টা দেবে। জানতে চাইবে, কোথায় যাচ্ছি। আবার বাইরে থেকে আসার পর লক্ষ করবে, আমি বাইরের পোশাক ছেড়ে ঘরের পোশাক পরছি কি না। যদি দেখে পোশাক খুলছি না, তখন প্রশ্ন করে, আমি আবার বাইরে যাব কি না। এ নিয়ে তারা দোটানায় থাকে। এখন তারা সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে।’

আরও পড়ুন
সুমাইয়া শিমু
ছবি: খালেদ সরকার

শুটিং গেলে কীভাবে সন্তানদের সামলান
প্রথমদিকে সন্তানদের রেখে শুটিং করতে গিয়ে বেশ কষ্ট হয়েছিল। কারণ, মন পড়ে থাকত সন্তানদের কাছে। সেই দিনগুলোতে দীর্ঘ সময় সন্তানদের কাছ থেকে দূরে থাকা শিমুর জন্য কঠিন ছিল। মা হওয়ার পর শিমু নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ দিয়ে ফিরেছিলেন। সেই কাজ আলোচিত হয়। তিনি জানান, এরপর একটু একটু করে তিনি মানিয়ে নিয়েছেন।

শিমু বললেন, ‘এখন বাইরে গেলে সমস্যা হয় না। দেখা যায়, আমি না থাকলেও ওদের বাবা সুন্দর করে মেইনটেইন করতে পারে। শিশুরাও বাবার কাছে দারুণ সময় কাটায়। আমার সঙ্গে ফোনে কথা হয়। সামনে শুটিং শুরু হলে এভাবেই তাদের সামলাতে হবে। আগেও এভাবেই সামলিয়েছি। আর আমাদের দুজনের একই সময় কাজ পড়ে গেলে আমার মা এসে সহায়তা করেন। তবে টাইম মেইনটেইন করেই আমরা চেষ্টা করি বাচ্চাকে দেখে রাখার। এ ছাড়া বাচ্চা দেখাশোনার জন্য ন্যানি রয়েছে।’

সবশেষে শিমু বললেন, ‘নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই তো জীবন। সন্তানের বড় হওয়া দেখাটাও আনন্দের। এর মধ্য দিয়ে আমার ক্যারিয়ারে ফেরার গল্পটাও আনন্দের। অভিনয় আমার পেশা। অভিনয়ে তো ফিরতেই হবে।’ তাঁকে দেখা যাবে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে। এটি পরিচালনা করবেন মোস্তফা কামাল রাজ।