ব্রেন টিউমার আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন যেমন আছেন

তানিয়া বৃষ্টিছবি: ফেসবুক থেকে

‘মা, তুমি কেমন আছ? ফোন করা ঠিক হবে না, হাসপাতালেও যাওয়া ঠিক হবে না। তোমার দ্রুত সুস্থতার জন্যই বিরক্ত করা ঠিক হবে না। কিন্তু ভীষণ দেখতে ইচ্ছা করছে, মা।’ কথাগুলো মায়ের চরিত্রে অভিনয় করা শিল্পী রেশমা আহমেদের। অভিনয় অঙ্গনের এ রকম আরও অনেকে অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্তের খবরে উদ্বিগ্ন ছিলেন। সফল অস্ত্রোপাচারের পর অভিনয় অঙ্গনের মানুষের পাশাপাশি তানিয়া বৃষ্টির ভক্ত–শুভাকাঙ্ক্ষীরাও স্বস্তিতে আছেন। অস্ত্রোপচার শেষে এখন কেমন আছেন তাঁদের প্রিয় অভিনয়শিল্পী, তা নিয়ে চিন্তিত ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা।

তানিয়া বৃষ্টি
ছবি: ফেসবুক থেকে

তানিয়া বৃষ্টির সর্বশেষ অবস্থা জানতে আজ শুক্রবার ছুটির দিনে যোগাযোগ করা হয় পরিচালক সকাল আহমেদের সঙ্গে। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার তানিয়া বৃষ্টিকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এখন বড় বোনের তত্বাবধানে আছেন তিনি। আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসক তাঁকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’

তানিয়া বৃষ্টি
ছবি: ফেসবুক থেকে

জানা গেছে, তানিয়া বৃষ্টি খুব শিগগির স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তবে পরিবারের পক্ষ থেকে অনুরোধ, গত কয়েক দিনে শত শত ফোনকল এসেছে। মাত্রাতিরিক্ত ফোনকল দিয়ে কেউ যেন বিব্রত না করেন। এমন সংবেদনশীল সময়ে মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রামই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সবাইকে দোয়া করার আহ্বানও জানানো হয়েছে।

দুই হাসপাতালে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে গত রোববার বিকেলে চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরদিন সকালে তাঁকে কেবিনে নেওয়া হয়। পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। এরপর সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

তানিয়া বৃষ্টি
ছবি: ফেসবুক থেকে

অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই লিখেছিলেন, ‘আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ তাঁর সেই পোস্ট ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।