ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’–এর গল্প থেকে এবার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যাম্পাস ক্লাইমেক্স’ সনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গল্প নিয়ে ২০২০ সালে নির্মিত হয়েছিল সিনেমা ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’। সিনেমাটি ইউটিউবে মুক্তি পেয়েছিল। সেই সিনেমার পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীসহ সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ফিরছে ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’–এর সিকুয়েল ‘ক্যাম্পাস রিটার্নস’। তবে এটি সিনেমা নয়, ধারাবাহিক নাটক। রচনা ও পরিচালনা করছেন জিৎ দে।

‘ক্যাম্পাস ক্লাইমেক্স’ এর একটি দৃশ্যে
ছবি: সংগৃহীত

ইতিমধ্যে সিরিয়ালটির গল্প ও চিত্রনাট্য লেখা শেষ করেছেন পরিচালক। তিনি জানান, ক্যাম্পাসের গল্প আবারও বেছে নেওয়ায় ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ‘ক্যাম্পাস রিটার্নস’। সিনেমা থেকে হঠাৎ কেন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন—এমন প্রশ্নে পরিচালক জিৎ দে বলেন, ‘সিনেমার ভাষা আর নান্দনিকতা ঠিকঠাক বজায় রাখতে বেশ সময় ও অর্থের প্রয়োজন হয়। আর সংগত কারণে সেটার জোগান দেওয়া আমাদের পক্ষে এখন সম্ভব নয়। তাই ড্রামা সিরিয়াল করার সিদ্ধান্ত নিলাম, যাতে আমরা নির্দিষ্ট সময় ও পরিশ্রমের মধ্যমে দর্শকদের মধ্যে গল্পটি পৌঁছে দিতে পারি।’

‘ক্যাম্পাস ক্লাইমেক্স’ এর শুটিংয়ের ফাঁকে পরিচালক জিৎ দে, অভিনেতা মীর লোকমান ও খাইরুল বাশার
ছবি: সংগৃহীত

তবে এবার গল্পে থাকছে কিছুটা বৈচিত্র্য। ‘ক্যাম্পাস ক্লাইমেক্স’–এর গল্প দিয়েই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গল্প তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের নানা প্রান্ত থেকে নানা সংস্কৃতির মানুষ পড়তে আসে ইউনিভার্সিটিতে। তখন তাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক ব্যবধান থাকে। সেই গল্পে যেমন থাকে হাসি আনন্দের, তেমনি থাকে হতাশা, না পাওয়া দুঃখ–বেদনার। এ ছাড়া কখনো কখনো নানা রকম অসুস্থ প্রতিযোগিতাও দেখা যায়। এ সবকিছুর মিশেলে বিশ্ববিদ্যালয় লাইফের একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নিয়ে গল্পটি তৈরি করতে যাচ্ছি।’

ধারাবাহিকটিতেও অভিনয় করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ সিনেমাটি মুক্তির মাত্র কয়েক দিনের মাথায় করোনা মহামারি শুরু হয়। সেই সময় দেশে ও বিদেশে কয়েকটি প্রদর্শনীর আয়োজন করার কথা থাকলেও লকডাউনের কারণে তা আর হয়নি। ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ সিনেমায় অভিনয় করেছিলেন খায়রুল বাসার, মৌসুমি মৌ, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদারসহ অনেকেই। এবার থাকছে একাধিক নতুন মুখ। জিৎ জানালেন, সিনেমার মতো ধারাবাহিকটিতেও অভিনয় করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যে অভিনয়ে আগ্রহী শতাধিক আবেদনকারী থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের নিয়ে অডিশন সম্পন্ন হয়েছে। এই মাস থেকেই শুটিং করার পরিকল্পনা করছেন তাঁরা। এটি ‘ফেয়ার ফ্লিক্স’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।