‘সর্বাধিক দেখা ১০ নাটকের ৫টিই আমার’, সেই মহিনের কোন ৫ নাটক শীর্ষ তালিকায়

ইউটিউব নাটকের ভিউ বা দর্শকপ্রিয়তার পরিচালক হিসেবে সবার চেয়ে এগিয়ে মহিন খান। ইউটিউবে বাংলাদেশের সর্বাধিক দেখা শীর্ষ ১০ নাটকের ৫টিই তাঁর নির্মাণ। এ নিয়ে প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে এই পরিচালক  বলেন, ‘ইউটিউবে সর্বাধিক দেখা ১০টি নাটকের ৫টিই আমার।’ তাঁর আলোচিত সেই পাঁচ নাটকের তালিকা দেখে নিতে পারেন।

‘চাচা ভাতিজা জিন্দাবাদ’ নাটকের শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীরা
ছবি: ফেসবুক থেকে

৫. ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’
ইউটিউব নাটকের শীর্ষ ১০–এর ৮ নম্বরে রয়েছে ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’ নাটকটি। এটি ৫১ মিলিয়ন ভিউ হয়েছে। চাচা–ভাতিজার মজার কাণ্ড নিয়েই এ নাটক। এ নাটকেও জুটি নিলয় ও হিমি। পরিচালক হিসেবে শীর্ষ ১০–এর তালিকায় থাকা মহিনের এটি ৫ নম্বর নাটক। এই পরিচালকের নাট্যাঙ্গনে ছয় বছরের ক্যারিয়ার। এই সময়ে ২৫০টি নাটক বানিয়েছেন। এর মধ্যে প্রায় এক শ নাটকের ভিউ কোটির কাছে।

‘গরিবের বড়লোক চাকর’ নাটকের দৃশ্যে নিলয় আলমগীর ও হিমি
ছবি: ফেসবুক থেকে

৪. ‘গরিবের বড়লোক চাকর’
মহিনের ৪ নম্বর নাটক হিসেবে এ তালিকায় জায়গা পেয়েছে ‘গরিবের বড়লোক চাকর’। এই নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটিও কমেডি নাটক। এক গরিব যুবক বড়লোকের বাড়িতে কখনো দাড়োয়ানের কাজ করে, কখনো ঘরের কাজ করে। এ নিয়ে বিপত্তি ও হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়। নাটকটির ভিউ ৫২ মিলিয়ন। শীর্ষ ১০–এ নাটকটির অবস্থান ৭ নম্বর।

‘সংসার আমার ভাল্লাগে না’ নাটকের শিল্পীরা

৩. ‘সংসার আমার ভাল্লাগে না’
ইউটিউবের শীর্ষ ১০ নাটকের তালিকায় ৩ নম্বরে রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। তবে পরিচালক হিসেবে এককভাবে মহিন খানের এই শীর্ষ তালিকায় ৩ নম্বর নাটক ‘সংসার আমার ভাল্লাগে না’। এটির ভিউ হয়েছে ৫৭ মিলিয়ন। এই নাটকেও জুটি হয়েছেন নিলয় ও হিমি। সংসার করতে চায় না—এমন এক তরুণের দাম্পত্য জীবনের টানাপোড়েন, ভুল–বোঝাবুঝি হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন থাকায় নাটকটি দর্শকের সাড়া পায়। শীর্ষ ১০ নাটকের মধ্যে এর অবস্থান ৪ নম্বরে।

আরও পড়ুন
মামার বাড়ি নাটকের একটি দৃশ্যে

২. ‘মামার বাড়ি’
ইউটিউবে শীর্ষ ভিউয়ের এই তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে মহিন খানের নির্মিত নাটক ‘মামার বাড়ি’, ভিউ ৬২ মিলিয়ন। এই নাটকেও অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি জুটি। গ্রামীণ পটভূমিতে পারিবারিক সম্পর্ক, জমির ভাগকে কেন্দ্র করে নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। সহজ-সরল গল্প ও অভিনয়ের জন্য নাটকটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

‘শ্বশুরবাড়িতে ঈদ’ সবচেয়ে বেশি দেখা নাটক
ছবি: ফেসবুক থেকে

১. ‘শ্বশুরবাড়িতে ঈদ’
ইউটিউবে সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় গত বছর থেকে ১ নম্বরে আছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। স্ত্রীকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ করতে যায় এক যুবক। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার সম্পর্ক, আত্মীয়স্বজনের মজার সব ঘটনা, ছোটখাটো ভুল–বোঝাবুঝি এবং পারিবারিক টানাপোড়েনে এগিয়ে চলে গল্প। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। মহিন খান পরিচালিত নাটকটির ভিউ ৭৫ মিলিয়ন।