ব্যাংক ক্যাশিয়ার থেকে ‘সিআইডি’র এসিপি প্রদ্যুমন
ভারতীয় টেলিভিশন সিরিজ ‘সিআইডি’র মাধ্যমে পরিচিতি পান অভিনেতা শিবাজি শতম। টেলিভিশন ইতিহাসের অন্যতম আইকনিক চরিত্র এসিপি প্রদ্যুমনের মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তবে এ অভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাংকার হিসেবে; কিন্তু অভিনয়ের প্রতি তুমুল আগ্রহ তাঁকে আজ এ জায়গায় এনেছে। বর্ষীয়ান এ অভিনেতার ৭৬তম জন্মদিনে জেনে নেওয়া যাক সে গল্প।
কখনো কখনো এমন চরিত্র থাকে, যা সময় পেরিয়েও মানুষের মনে একইভাবে টিকে থাকে—শিবাজি শতমের এসিপি প্রদ্যুমন ঠিক তেমনই এক নাম। ‘সিআইডি’র মতো দীর্ঘদিন চলা ক্রাইম ড্রামায় এই চরিত্র যেন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।
ব্যাংকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিবাজি শতম। শুরুতে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ায় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। প্রায় ২৩ বছর ব্যাংকিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে একই ব্যাংকে ইন্সপেকশন অফিসারও হন। তবে ধীরে ধীরে থিয়েটারের প্রতি আগ্রহ বাড়তে থাকে এবং সেখান থেকেই তাঁর অভিনয়জীবনের শুরু।
নানা পাটেকরের উৎসাহে শিবাজি শতম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৮৮ সালে ‘পেস্টনজি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘বাস্তব’, ‘নায়ক’, ‘চায়না গেট’, ‘যশবন্ত’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘গুলাম-ই-মুস্তাফা’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তবে শিবাজি শতমের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ‘সিআইডি’। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি সনি টিভিতে শুরু হওয়া এই ক্রাইম ডিটেকটিভ শো দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়। মজার বিষয় হলো, ১৯৯৮ সালে প্রচার শুরু করে এবং দীর্ঘ সময় ধরে চললেও শিবাজি শতমের চরিত্রটি কখনো বড় কোনো পদোন্নতি পায়নি। তিনি শুরুতে ছিলেন সিনিয়র ইন্সপেক্টর, পরে এসিপি প্রদ্যুমন হন—এটাই তাঁর একমাত্র ‘প্রমোশন’। কিন্তু এ পদবিতেই তিনি হয়ে ওঠেন পুরো শোর কেন্দ্রবিন্দু। শোতে এসিপি প্রদ্যুমন চরিত্রে শিবাজি শতমের সংলাপ, উপস্থিতি এবং নেতৃত্ব দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে।
শিবাজি শতম আসলে এসিপি প্রদ্যুমনকে শুধু অভিনয় করেননি, তিনি যেন চরিত্রটিই হয়ে গিয়েছিলেন। দুই দশকের বেশি সময় ধরে একই ভূমিকায় তাঁর উপস্থিতি চরিত্রটিকে বদলানোর সুযোগই দেয়নি। দর্শকদের ভালোবাসা এতটাই প্রবল ছিল যে মাঝেমধ্যে বিরতি নেওয়ার পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
২০২৪ সালে ‘সিআইডি ২’ ফিরে আসে নতুন করে। কিন্তু এর মধ্যেই কাস্ট পরিবর্তন, এমনকি এসিপি প্রদ্যুমনের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। কখনো বলা হয় চরিত্রটি শেষ হয়ে যাচ্ছে, আবার কখনো ফিরে আসার ইঙ্গিতও পাওয়া যায়। এই নাটকীয় পরিবর্তনগুলো দর্শকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
এনডিটিভি অবলম্বনে