যেখানে ব্যতিক্রম নিশো
নতুন পরিচয়ে নাম লেখাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটক, ওয়েব সিরিজ-সিনেমা থেকে এবার তাঁকে দেখা যাবে বড় পর্দায়। এখন একের পর এক সিনেমায় অভিনয় করে যেতে চান এই তারকা। নিশোর নাটকের ভক্তদের প্রশ্ন, তাহলে কি একেবারেই নাটক ছেড়ে দিচ্ছেন প্রিয় তারকা? সেই প্রসঙ্গেই মুখোমুখি হলেন নিশো। তাঁর কথায় উঠে এল ব্যতিক্রমী এক নিশোর গল্প।
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়ে গেল গতকাল মঙ্গলবার। সেখানে ঘুরে ফিরে নিশোকে শুনতে হয়েছে এবার কি সিনেমা দিয়ে বড় পর্দায় নিয়মিত হচ্ছেন তিনি? কারণ, এর আগে কিছুটা সময় নিয়েই এই অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছিলেন। পরে তিনি ওটিটিতে নিয়মিত হন। দর্শককে একে একে উপহার দিয়েছেন চরকির ‘মরীচিকা’, ‘রেডরাম’, ‘সিন্ডিকেট’–এর মতো দর্শকপ্রিয় কাজ। একই সঙ্গে হইচই–এর ‘কাইজার’ দিয়েও আলোচনায় ছিলেন। ‘মরীচিকা’ জনপ্রিয় হওয়ার পরে ‘রেডরাম’ দিয়ে আলোচনায় আসেন এই তারকা। তারপরই নাটক থেকে দূরে নিশো। একের পর এক ওয়েবে কাজ করে গেছেন। এবার সিনেমায় নাম লেখানোয় আর হয়তো নাটকে ফেরা হবে না এই তারকার। কী আভাস দিলেন নিশো?
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এখন থেকে আমি একের পর এক সিনেমায় কাজ করব। ওটিটি কনটেন্ট থাকলে সেগুলোও করব। এ ছাড়া ভালো নাটকের প্রস্তাব এলে সেটাও করব।’ এরপরই নিশোকে শুনতে হয়, ‘আপনি ওয়েবে কাজ শুরুর পরে নাটক কমিয়ে দিয়েছেন, এবার সিনেমায় ব্যস্ত হলে কীভাবে নাটকে ফিরবেন?’ নিশো বলেন, ‘আমি নাটক থেকে বেড়ে ওঠা মানুষ। কিন্তু বারবারই বলি, যখন প্ল্যাটফর্ম সুইচ করি, তখন সেই প্ল্যাটফর্মের ব্যস্ততা আমাকে অন্য প্ল্যাটফর্মে কাজ করতে দেয় না। এখন সিনেমা যদি ওয়ার্ক করে, ফিল্মে যদি একটি জায়গা তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই ফিল্ম নিয়ে থাকতে হবে। কারণ, সবাই সিনেমার জন্য ডাকবেন।’
তারপরও নাটককে ভুলে থাকতে চান না এই অভিনয়শিল্পী। নাটককে তিনি এখনো আপন মনে করেন। এখানেই যেন নিশো ব্যতিক্রম। সেই নাটকের ভক্তদের জন্য আরও দারুণ কিছু বড় পর্দায় উপহার দিতে চান। সর্বশেষ সুযোগ থাকলে বেছে নিতে চান নাটককে। নিশো বলেন, ‘সিনেমায় যদি বাজেট থাকে কিন্তু ভালো গল্প না পাই, তাহলে ওটিটির ভালো গল্প বেছে নেব। সেখানেও যদি ভালো গল্প না থাকে, তাহলে যেখানে বেড়ে উঠেছি, সেই নাটকেই কাজ করা হবে। তবে একটা নাটকে অভিনয় করে চলে আসব, সেটা হবে না। কারণ, এখানে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। তাঁরা আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছেন। তাঁদের সবার কাজ করতে হবে। আমি চাইব, সেখানে একটা কাজ করে কাউকে মনঃক্ষুণ্ন না করতে।’
প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রথমে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। দেখানো হয় তিনটি ভিডিও চিত্র। চরকির ম্যাশআপ ভিডিও চলার পর প্রথমেই বক্তব্য দেন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকি কথা দিয়েছিল, ১২ মাসে ১২ সিনেমা দর্শককে উপহার দেবে। এবার চরকি সিনেমা হলে দর্শককে নতুন কিছু উপহার দেবে। সেই পরিকল্পনা থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, এগিয়া আসা। আমি মনে করি, এই এগিয়ে আসার উদ্যোগ সফল হতে চলেছে। নির্মাতা রায়হান রাফী এরই মধ্যে নিজের নির্মাণ দিয়ে মুনশিয়ানা দেখিয়েছেন। তিনি যখন এ রকম গল্প, টিম, পরিকল্পনা নিয়ে হাজির হন, তখনই বোঝা যায় যে বড় কিছু একটা হতে যাচ্ছে।’
‘সুড়ঙ্গ’ সিনেমায় থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরতের এই আয়োজনে এসেছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাসসহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়তি আনন্দ যোগ করেছিলেন সম্প্রতি মুক্তি পাওয়া চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’-এর পরিচালক ও অভিনয়শিল্পীরা।