তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক: আশফাক নিপুন
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা, গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তাঁরা। ভোট দিতে গতকাল বুধবার চট্টগ্রামে যান নির্মাতা আশফাক নিপুন। ভোট সম্পন্ন করে এক ভিডিও বার্তায় সব সচেতন নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তায় নিপুন বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।’
ভিডিও বার্তার ক্যাপশনে নিপুন লিখেছেন, ‘ভোট দেওয়া শেষ। সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে গিয়েছিলাম। লাইন বেশি থাকায় আমার পালা আসে ৮টা ১০ মিনিটে। খুব সুন্দর পরিবেশ, ভোটাররা উৎসাহী, কর্মকর্তারাও খুব আন্তরিক—ভোট দিতে পেরে ভালো লাগছে।’
এর আগে গতকাল বুধবার ভোট দেওয়ার জন্য চট্টগ্রাম পৌঁছে নিপুন লিখেছিলেন, ‘বাসায় ঢোকার আগেই দুই বড় নির্বাচনী জোট প্রার্থীর প্রচারণার গান শুনলাম বেশ কয়েক জায়গায়। আমাদের পাড়ায় অনেক অনেক বছর পর নির্বাচনী টেবিল বসতে দেখলাম মোড়ে। গান বাজছে। মজার ব্যাপার, দেড় বছর ধরে সব পলাতক লীগার (এখন ইউটিউব লীগার), এমনকি বন্ধুবান্ধব, পরিচিত অনেকের কাছ থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছিল যে ইউনূস সরকার নির্বাচন দেবে না। যতই বলতাম নির্বাচন হবে, ততই অবুঝের মতো ঘ্যানঘ্যান করত নির্বাচন হবে না, হবে না। প্রফেসর ইউনূস সরকারকে ধন্যবাদ আমাকে সঠিক প্রমাণ করার জন্য, সময়মতো এ রকম উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য।’