একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদ
ছবি: প্রথম আলো

মধ্যবিত্ত পরিবারের সুখ–দুঃখের গল্পে দর্শককে টেনেছিল ‘এইসব দিনরাত্রি’। চরিত্রগুলোর আনন্দে হেসেছেন দর্শক, কষ্টে কেঁদেছেন। সেই সময়ের আলোচিত ধারাবাহিকটি হয়ে উঠেছিল বহু পরিবারের আপন গল্প। অথচ এমন দর্শকপ্রিয়তা কিংবা খ্যাতির আশায় নাটকটি লেখা শুরু করেননি হুমায়ূন আহমেদ। তাঁর উদ্দেশ্য ছিল সন্তানের আবদার মেটাতে একটি রঙিন টেলিভিশন কেনা। হিসাবটাও করে রেখেছিলেন—নাটক লিখে টেলিভিশন কেনার টাকা হলেই থামবেন। শেষ পর্যন্ত করেছিলেনও তা–ই। ধারাবাহিকটি যখন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, অভিনয়শিল্পীরাও আনন্দ নিয়ে কাজ করছেন, তখনই লেখায় ইতি টানেন তিনি। কারণ, রঙিন টেলিভিশন কেনার টাকা তত দিনে হয়ে গেছে!
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর সৃষ্টির পাশাপাশি ফিরে আসে সেসব সৃষ্টির নেপথ্যের গল্পও। তেমনই এক ঘটনা জড়িয়ে আছে ‘এইসব দিনরাত্রি’র সঙ্গে। একটি সাক্ষাৎকারে নাটকটি লেখা এবং বন্ধ করার কারণ জানিয়েছিলেন তিনি নিজেই।

আরও পড়ুন

সে সময় হুমায়ূন আহমেদের বাসায় টেলিভিশন ছিল না। তাঁর মেয়েরা টেলিভিশন দেখতে যেত নিচের বাসায়। একদিন সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরে আসে তারা। পছন্দের অনুষ্ঠান দেখতে পারেনি। বাবার কাছে তাই আবদার, একটি টেলিভিশন কিনে দিতে হবে। শুধু টেলিভিশন হলেই চলবে না, চাই রঙিন টেলিভিশন।
সেই ঘটনার কথা বলতে গিয়ে হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘আমার বাচ্চারা নিচের বাসায় টেলিভিশন দেখতে গিয়ে হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে ফিরে এল। বলল, তাদের একটি টিভি কিনে দিতে হবে। তাদের পছন্দের প্রোগ্রাম দেখতে পারেনি। শুনে বললাম, ঠিক আছে আমি কিনে দেব। তখন তারা বলল, রঙিন টিভি কিনে দিতে হবে। আমি রাজি হলাম।’

এইসব দিনরাত্রি নাটকের একটি দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে
আরও পড়ুন

মেয়েদের কথা তো দিলেন, এবার প্রয়োজন টাকার ব্যবস্থা করা। রঙিন টেলিভিশন কিনতে কত টাকা লাগবে, হিসাব করে দেখলেন হুমায়ূন। নাটকের প্রতি পর্ব লিখে কত সম্মানী পাওয়া যাবে, সেটিও বিবেচনায় নিলেন। সেই হিসাব থেকেই বিটিভির জন্য ‘এইসব দিনরাত্রি’ লেখা শুরু।
হুমায়ূন আহমেদ বলেছিলেন, ‘আমি হিসাব করলাম, প্রতি এপিসোডে কী পরিমাণ টাকা পাব। সেভাবেই বিটিভির জন্য “এইসব দিনরাত্রি” নাটক লেখা শুরু করি। রঙিন টিভি কেনার টাকা হয়ে গেলেই নাটক লেখা বন্ধ করে দেব। যে মুহূর্তে রঙিন টিভি কেনার পয়সা হলো, সেই মুহূর্তেই নাটক লেখা বন্ধ করে দিই। সেই টাকা দিয়ে রঙিন টেলিভিশন কিনি। অর্থের জন্যই আমি নাটকটি লিখেছিলাম,’
কিন্তু লেখকের এই সরল হিসাবের সঙ্গে তত দিনে জড়িয়ে গেছে দর্শকের ভালোবাসা, অভিনয়শিল্পীদের আবেগ। প্রচারের পর থেকেই ‘এইসব দিনরাত্রি’ জনপ্রিয়তা পেতে শুরু করে। দিন দিন বাড়তে থাকে ধারাবাহিকটি ঘিরে আগ্রহ। এমন সময়ে হঠাৎ লেখা বন্ধের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অভিনয়শিল্পীরা।
তাঁরা হুমায়ূন আহমেদকে জানিয়েছিলেন, ‘আমরা এত আগ্রহ আর আনন্দ নিয়ে নাটকটিতে কাজ করছি, আর আপনি এককথায় লেখা বন্ধ করে দিলেন! আপনি আমাদের ছোট করেছেন।’

এইসব দিনরাত্রি নাটকের একটি দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে

জবাবে হুমায়ূন আহমেদ নিজের অবস্থানই ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন, ‘আমি তো কাউকে ছোট করিনি। আমি সত্য কথা বলেছি। টেলিভিশন কিনব বলেই নাটক লিখেছিলাম।’
মেয়েদের রঙিন টেলিভিশন দেখার আবদার মেটাতে শুরু হয়েছিল যে নাটকের লেখা, সেটিই জায়গা করে নেয় অসংখ্য দর্শকের মনে। একটি পরিবারের ছোট্ট চাওয়া পূরণ করতে গিয়ে হুমায়ূন আহমেদ উপহার দিয়েছিলেন বহু পরিবারের প্রিয় হয়ে ওঠা এক ধারাবাহিক।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই তাঁর মৃত্যু হয়। তাঁর সৃষ্টির সঙ্গে এমন গল্পগুলোও রয়ে গেছে—যেখানে খ্যাতিমান লেখক ও নির্মাতার পাশাপাশি দেখা মেলে মেয়েদের আবদার মেটাতে চাওয়া এক বাবার।