কেমন আছেন?
অর্চিতা স্পর্শিয়া : বিয়ের পর নতুন একটা পরিবেশ। সবার সঙ্গে পরিচয় হচ্ছে। অ্যাডজাস্ট হচ্ছি। ভালোই যাচ্ছে সময়।
প্রথম আলো :
এখন কোথায় আছেন?
অর্চিতা স্পর্শিয়া : আমি বিয়ের পর কক্সবাজার ছিলাম। এখন ঢাকায় ব্যাক করেছি।
প্রথম আলো :
একেবারে হানিমুন সেরে ফেলছেন?
অর্চিতা স্পর্শিয়া : বিয়ের পর দুই দিন এক্সট্রা কক্সবাজারে ছিলাম, এটা হানিমুন না। পরে হানিমুনে যাব। একটু দেরি হবে। আর হানিমুন নিয়ে আমাদের অনেক বড় প্ল্যানিং আছে। কারণ, এর মধ্যে হাতে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তার পর অবসরে হানিমুনে যাব।
আপনাদের প্রথম পরিচয় হয় কীভাবে?
অর্চিতা স্পর্শিয়া : ২০২২–এর নভেম্বরে পরিচয়। পরে দুই পরিবারের দেখা হয়, কথা হয়। আমাকে পছন্দ করে। তখন আমি একটু সময় নিচ্ছিলাম। পরে আমাদের কিন্তু সেই অর্থে দেখাসাক্ষাৎ হয়নি। হয়তো মুঠোফোনে কথা হতো। বিয়ের কিছুদিন আগে দেখা হয়। লং ডিসটেন্সে কথা হতো। পরে বিয়ের জন্য প্রায় এক বছর আগে থেকেই সময় নিতে হয়েছে। কারণ, মা আর একটা খালা ছাড়া আমাদের পরিবারের সবাই বিদেশে থাকে। আবার আমার স্বামীর পরিবারের অন্যরাও বিদেশে থাকে। এ কারণে বিয়ের তারিখটা সময় নিয়ে করতে হয়েছে।
প্রথম আলো :
কেন মনে হয়েছিল একসঙ্গে সংসার করা যায়?
অর্চিতা স্পর্শিয়া : তার মধ্যে অনেক কিছুই আছে ভালো লাগার। সে বেশ দায়িত্বসচেতন। মনে হয়েছে, সে আমার খেয়াল রাখতে পারবে।
প্রথম আলো :
মাঝে অভিনয়ের সংখ্যা কিছুটা কম, মনে হচ্ছিল অভিনয় থেকে কিছুটা দূরে আছেন?
অর্চিতা স্পর্শিয়া : শিল্পীদের কাজ কখনো কম হয়, কখনো বেশি হয়। এটা তো আমাদের হাতে থাকে না। আর আমি একটু বাছবিচার করে কাজ করার চেষ্টা করি। ভালো কাজ পেলে করি, না পেলে করি না, বিষয়টা এমন। তবে বিয়ের জন্য এ বছর শুরু থেকেই একেবারে কাজ থেকে দূরে সরে গেছিলাম। এর মধ্যে হাতে কোনো কাজ রাখিনি। যে কারণে এখন অনেক কাজ জমা হয়েছে।
নাটক থেকে দূরে সরে থাকার কারণ কী?
অর্চিতা স্পর্শিয়া : নাটক তো অনেক করেছি। ভালো গল্প হলে করব। এর মাঝে বেশ কিছু সিনেমা করেছি। এখন সব মাধ্যমেই কাজ করতে চাই। সিনেমাটা বেশি টানছে।
প্রথম আলো :
আপনি তো প্রযোজক হিসেবেও কাজ করার কথা বলছিলেন?
অর্চিতা স্পর্শিয়া : আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজ হচ্ছে। কিছু কাজ করছি। কিছু নিয়ে কথা হচ্ছে, দেখা যাক। সামনে আমাদের কোম্পানি থেকে পিকলু চৌধুরীর ‘দাওয়াল’ মুক্তি পাবে। এখানে আমি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছি।
প্রথম আলো :
গত ডিসেম্বরে ৩০–এ পা দিয়েছেন, সেদিন ঘোষণা করেছেন মরণোত্তর দেহ দান করবেন?
অর্চিতা স্পর্শিয়া : অনেক দিন ধরে আমি মরণোত্তর দেহদানের কথা ভাবছিলাম। পরে জন্মদিনের কদিন আগে চূড়ান্ত সিদ্ধান্তটা নিই। আমার কাছে মনে হয়েছে শরীরটুকু মৃত্যুর পরও যেন কাজে লাগে, সেটাই চাই। আমার হার্ট যদি ভালো থাকে, সেটা স্থানান্তরিত হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে, সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসাবিজ্ঞানের প্রসারে—এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয়, সেটাও আমি চাই।