নাটকীয় উপস্থাপনায় ভালোবাসা দিবসে ‘পাঁচফোড়ন’

‘পাঁচফোড়ন’ এর দৃশ্যফাগুন অডিও ভিশন

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবছরের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রায় দুই যুগ ধরে বছরের বিভিন্ন বিশেষ দিনে নিয়মিত প্রচারিত হয়ে আসছে এই অনুষ্ঠান। এবারের ভালোবাসা দিবসের পর্বটিও সাজানো হয়েছে ভিন্ন পরিবেশ ও নানা আয়োজন নিয়ে।

‘পাঁচফোড়ন’-এর প্রতিটি পর্বই উপস্থাপিত হয় নাটকীয় আঙ্গিকে। এখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকেন না; বরং দেশের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরাই উপস্থাপনার দায়িত্ব পালন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবারের পর্বে দেখা যাবে ভালোবাসা দিবসে এক দম্পতি নিজেদের ঘরে দিনটি কাটাচ্ছেন ভালোবাসা ঘিরে নানা আলাপ–আড্ডায়। সেই দিনজুড়ে ঘটে যাওয়া ছোট-বড় ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবারের ‘পাঁচফোড়ন’-এর গল্প। তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই থাকছে গান, নাচ, নাটক এবং বিভিন্ন বিষয়ের ওপর বৈচিত্র্যময় প্রতিবেদন।

অনুষ্ঠানে স্বামী–স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন।
এবারের ‘পাঁচফোড়ন’-এ রয়েছে দুটি মূল গান। কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর; সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। অন্যটি একটি দ্বৈত গান, যেখানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

অনুষ্ঠানে স্বামী–স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন
ফাগুন অডিও ভিশন

এ ছাড়া একটি জনপ্রিয় ফোক গানের সুরে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় থাকছে বিশেষ নৃত্যাংশ, যা পরিচালনা করেছেন মুরাদ।

বিভিন্ন আঙ্গিকে নির্মিত কিছু নাট্যাংশও থাকছে এবারের পর্বে
ফাগুন অডিও ভিশন

অনুষ্ঠানে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেন, যিনি এলাকায় ‘রস কাকা’ নামেই বেশি পরিচিত—খেজুরের রস ও স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে এবং নতুন প্রজন্মকে সে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যে অভিনব উদ্যোগ নিয়েছেন, সেটিই তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

এ ছাড়া এবারের ‘পাঁচফোড়ন’-এ দেখা যাবে এক ব্যতিক্রমী শিয়ালকে—যেটি ঝোপঝাড় বা গর্তে নয়, বরং লোকালয়ে মানুষের আশপাশেই বসবাস করে। নিশাচর হলেও শিয়ালটিকে দেখা যাবে দিনের আলোতে মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে।


ভালোবাসা ঘিরে বিভিন্ন আঙ্গিকে নির্মিত কিছু নাট্যাংশও থাকছে এবারের পর্বে। এতে অভিনয় করেছেন ‘পাঁচফোড়ন’-এর নিয়মিত শিল্পীরা।
অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলাতে ১৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টা ৫০ মিনিটে।