৭ মাস বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন নিলয়

অভিনেতা নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে

শুটিং থেকে ছুটি নিয়েছিলেন নিলয় আলমগীর। গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। নভেম্বরে সেখানেই বাবা হন এই অভিনেতা। নিজেই বাবা হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানান নিলয়। তাঁদের কন্যাসন্তানের নাম রুশদা মাইমানাহ। স্ত্রী-সন্তানসহ দেশে ফিরে ৭ মাসের বিরতি শেষ করে শুটিংয়ে ফিরলেন এই অভিনেতা।

টিমের সঙ্গে নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে
Akash RajPhotogrpher

নিলয় দেশে ফিরেছেন ১৯ ফেব্রুয়ারি। দুই দিন বিরতি দিয়ে গত রবিবার থেকে শুটিং শুরু করেছেন। তাঁর অভিনীত নাটকটির নাম এখনো ঠিক হয়নি। নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল। ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন নাজমুল রনি।

পরিচালক নাজমুল রনি ও নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে

পরিচালক নাজমুল বলেন, ‘নিলয় ভাইয়ের নাটকের আলাদা একটা দর্শক রয়েছে। গল্পের মধ্য দিয়ে কমেডির সঙ্গে সামাজিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। মূলত ঈদে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন গল্প নিয়েই আমাদের নাটক। এটি কমেডি নাটক। দর্শক পছন্দ করবেন।’

আরও পড়ুন
নিলয় আলমগীর। ছবি: ফেসবুক থেকে

নাটকে নিলয়ের সহশিল্পী নীলাঞ্জনা নীলা। তাঁদের খুব একটা জুটি হিসেবে দেখা যায় না। নাজমুল জানালেন, এই নাটকের শুটিং শেষেই তাঁর আরও দুটি নাটকে টানা শুটিংয়ে অংশ নেবেন নিলয় আলমগীর। বাকি নাটক দুটিতে নিলয়ের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে। তাঁরা নাটকের জনপ্রিয় জুটি।

নাজমুল জানান, টানা ঈদ পর্যন্ত শুটিং করবেন এই অভিনেতা। দেশের বাইরে থাকলেও এ সময় নিলয় অভিনীত মায়াবনের হরিণ, অন্য মানুষ, বাঁচবো না, পিতাপুত্রের বয়স, ঘরের নেত্রীসহ বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে।