‘কঞ্জুস কাপল ২’ থেকে ‘তোমার জন্য’—ঈদে অনামিকার ২৫ নাটক
কখনো কমেডি, কখনো রোমান্টিক কমেডি নাটকের চিত্রনাট্য লিখে পরিচিতি পেয়েছেন চিত্রনাট্যকার অনামিকা মন্ডল। পবিত্র ঈদুল ফিতরে প্রচারের অপেক্ষায় থাকা ২৫টি নাটকের চিত্রনাট্য লিখেছেন তিনি।
এর মধ্যে রয়েছে ‘আকাশ পানে আসক্ত’, ‘চার নাম্বার বউ’, ‘তোমার জন্য’, ‘যত্ন’, ‘বিয়ে করবো পালিয়ে’, ‘স্যার ভার্সেস ম্যাডাম’, ‘বউয়ের হুমকি’, ‘কঞ্জুস কাপল ২ ’।
অনামিকা মন্ডল প্রথম আলোকে জানান, এর মধ্যে দুই থেকে তিনটি নাটক রোমান্টিক, অন্যগুলো রোমান্টিক কমেডি। প্রায় সব নাটকই টেলিভিশনে প্রচারিত হবে।
বছরজুড়েই নাটক লেখেন অনামিকা। প্রতি মাসে ছয় থেকে সাতটির মতো নাটক লেখেন তিনি। ঈদে প্রচারের অপেক্ষায় থাকা নাটকের মধ্যে বেশ কিছু নাটক আগে লিখেছেন অনামিকা।
অনামিকা বলেন, ‘কিছু বিশেষ নাটক প্রোডাকশন হাউস, টিভি চ্যানেল ঈদের জন্য রেখে দেয়। আর ঈদের আগের কয়েক মাস বেশি প্রেশার থাকে।’
অনামিকার ২৫ নাটকের মধ্যে বেশির ভাগ নাটকের শিল্পীরা হলেন মোশাররফ করিম, নিলয় আলমগীর, হিমি, তানিয়া বৃষ্টি ও নীলাঞ্জনা নীলা।
ছয় বছর ধরে নাটক লিখছেন অনামিকা। তাঁর লেখা বেশির ভাগ নাটকই কমেডি। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দর্শক, ডিরেক্টর ও আর্টিস্টের ডিমান্ড। তবে আমি রোমান্টিক নাটক লিখতে বেশি ভালোবাসি। কমেডি নাটক লেখা বা মানুষকে মজা দেওয়া, হাসানো বেশি চ্যালেঞ্জিং।’
অনামিকার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। চাকরির সুবাদে তিন বছর ধরে পিরোজপুরে থাকেন। চাকরির পাশাপাশি নাটক লেখেন তিনি।
দুটো একসঙ্গে কীভাবে সামলান—জানতে চাইলে অনামিক বলেন, ‘নাটক লেখা নেশার মতো। তাই চাকরি ও সংসার সামলে সময় বের করে ফেলি। আর আমি প্রেশারে কাজ করতে পারি। প্রেশার না থাকলে বরং আলসেমি করে সময় নষ্ট করে ফেলি।’
এবার ঈদে প্রচারের অপেক্ষায় থাকা অনামিকার নাটকগুলো হলো ‘আকাশ পানে আসক্ত’, ‘চার নাম্বার বউ’, ‘ফিটফাট বাবু’, ‘কঞ্জুস কাপল ২ ’, ‘তোমার জন্য’, ‘মিস্টার পরিষ্কার’, ‘চলো বিয়ে করি’, ‘কাঠের চশমা’, ‘মনে মনে প্রেম’, ‘জটিল প্রেম’, ‘কিপটা কারে কয়’, ‘বউয়ের হুমকি’, ‘এখানে থাপড়ানো হয়’, ‘বিয়ে করবো পালিয়ে’, ‘শিক্ষাসফর’, ‘পার্সেল’, ‘অপচয়’, ‘কাজের বউ’, ‘টাকা দিবি কি না বল’, ‘হেট ইউ বউ’, ‘সুইট ফ্যামিলি’, ‘সুন্দরী বধূ’, ‘স্যার ভার্সেস ম্যাডাম’, ‘হোস্ট’, ‘সত্যবাদী বউ’।
অনামিকার লেখালেখির শুরুটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। দৈনিক পত্রিকায় রম্য গদ্য লিখতেন। ২০১৪ সালে ‘আমার একুশ’ নাটক দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটে তাঁর। পরে ছয় বছরের বিরতি নেন। ২০২১ সালে ‘গার্লফ্রেন্ড যখন ভাবি’ নাটক দিয়ে চিত্রনাট্যে ফেরেন তিনি। এখন পর্যন্ত দুই শতাধিক নাটক লিখেছেন অনামিকা।