এটিএন বাংলার রজতজয়ন্তী আজ
আজ পথচলার ২৫ বছর পূর্ণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ওই দিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে চ্যানেলটি। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য এমি অ্যাওয়ার্ড অর্জন।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। উৎসবের প্রথম দিনে আজ সকাল ১০টা ২০ মিনিটে এফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রজতজয়ন্তীর গানের মেলা’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ। নীলের উপস্থাপনায় অনুষ্ঠানে গান গাইবেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ইমরান, কনা, কিশোর ও ঝিলিক। বেলা তিনটায় বর্ষপূর্তি উপলক্ষে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি এটিএন বাংলার নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘হট সিট’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’।