ব্যাগে জামাকাপড়, জুতা, লুঙ্গি নিয়ে ঘুরতেন তিনি
অভিনয় করবেন এমন স্বপ্ন দেখেননি তিনি। অথচ সেই অভিনয়ই তাঁর ভাগ্য বদলে দিয়েছে। এখন তিনি নিয়মিত অভিনয় করেন। তাঁর অভিনয়ে আসার গল্প যেমন নাটকীয়, তেমনি তাঁর ভাগ্যবদলের গল্পও নাটকের মতোই। পুবাইলের আফতাব উদ্দিনের সেই অজানা গল্পই তুলে ধরা হলো। নাটক–সিনেমার মতোই বদলে যাওয়া জীবন পর্ব–৪।
বদলে যাওয়া এই অভিনয়শিল্পীদের মধ্যে ব্যতিক্রম গল্প রয়েছে আফতাব উদ্দিনের। প্রথম দিকে তিনি শুটিংয়ে ভাড়া দিতেন নানা কিছিমের জিনিস। সেখান থেকে সুযোগ হয় নিয়মিত অভিনয়ের। আগে অভিনয় নিয়ে স্বপ্ন না দেখলেও তিনি এখন চেষ্টা করে যাচ্ছেন অভিনয়শিল্পীর পরিচয়টা ধরে রাখতে।
আফতাব উদ্দিন উঠে এসেছেন ঢাকার বাইরের শুটিং লোকেশন থেকে। তবে হোতাপাড়া নয়, তিনি এসেছেন পুবাইল থেকে। সেখানে তিনি পরিচিত ‘আতা ভাই’ নামে। পুবাইলে কোনো শুটিং টিমের বাড়ি, গরু, ছাগল, হাঁস, মুরগি, খেতখামারসহ কোনো কিছুর প্রয়োজন হলেই সেটা এনে দিতেন তিনি। শুটিংয়ের লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় মাঝে মাঝে অভিনয়ের সুযোগ পেতেন। অভিনয় নিয়ে প্রশংসা পেতে থাকেন। পারিশ্রমিক কম থাকায় কাজের সংখ্যা বাড়তে থাকে। এক সময় কাজের চাপ এতই বাড়তে থাকে যে, কখন কে কোন চরিত্রের জন্য ডাকে, এ জন্য তিনি ব্যাগে বিভিন্ন রকম জামাকাপড়, জুতা, লুঙ্গি নিয়ে ঘুরতেন।
আফতাব হোসেন বলেন, ‘শৈশবে মঞ্চে অভিনয় করেছি। পরে যাত্রার শিল্পী ছিলাম। কিন্তু নাটকে অভিনয় নিয়ে ভাবিনি। একবার আমজাদ হোসেন এখানে শুটিংয়ে এসে গ্রামের মানুষের চরিত্রে অভিনয় করতে বলেন। তখন শুটিংয়ে সহযোগিতা করেছিলাম। অভিনয়ও করেছিলাম। সেই থেকে শুটিংয়ের ম্যানেজাররা আমার পরিচিত। তাঁরাই কাজ পেতে বেশি সহযোগিতা করেছেন। এখন অভিনয়ই পেশা।’
এখন শুধু পুরাইল নয় দেশের বিভিন্ন প্রান্তে শুটিং করতে হয়। পুবাইলের বাইরে বেশি শুটিং হয় উত্তরায়। আগে শুধু গ্রামের নাটকের শুটিং হলেও এখন শহরের গল্পেও তাঁর ডাক পরে। আফতাব হোসেন বলেন, ‘ ঢাকার বাইরে কাজ করতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যায়। আর আমার খুব বেশি টাকার দরকার হয় না। এ জন্য পারিশ্রমিকও কম নিই। কোনো রকমে চলে যেতে পারলেই হলো। মাসে ১৫ থেকে ২০ দিন শুটিং করি। এখন আর কাজের জন্য ঘুরতে হয় না। সবাই ডেকে কাজ দেয়। চাইলে কাজ আরও বেশি করা যায়। এই ব্যস্ততার বাইরে আগের মতো অন্য কাজ করা সম্ভব হয় না।’
আফতাব উদ্দিন পর্দায় বিদ্যা সিনহা মিম, শামীম জামান, মৌসুমী হামিদসহ একাধিক অভিনেতা–অভিনেত্রীর বাবার চরিত্রে অভিনয় করেছেন। সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন জাহিদ হাসান, মোশাররফ করিমসহ অনেককে। বর্তমানে তাঁকে কেন্দ্র করে নাটকের গল্প লেখা হচ্ছে। এভাবে অভিনয় করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান।