নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক
নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সজীব নামে পরিচিত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও নির্মাতা শিহাব শাহীন আজ প্রথম আলোকে জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সজীবের মৃত্যু হয়।
সজীবের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন ওনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’
মেহজাবীন লেখেন, ‘কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল ওনার। আরও কত কিছু করতে চেয়েছিলেন। আল্লাহ যেন সজীব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি ও সবর দান করেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’
অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে এমন একটা খারাপ খবর পাব, সত্যি বলতে, একদমই আশা করিনি। নিউজটা পাওয়ার পর কীভাবে প্রসেস করব, সেটাই বুঝতে আমার প্রায় পনেরো-বিশ মিনিট লেগে গেছে। অনেকক্ষণ থমকে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মারুফ হোসেন সজীব ভাই আর আমাদের মাঝে নেই।’
তৌসিফ লিখেছেন, ‘অথচ সেদিনই তো কথা হলো। সামনে কাজ হবে, দেখা হবে, কত স্বাভাবিক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমাদের কথায়। অথচ জীবন যে কতটা অনিশ্চিত, কতটা ছোট, মৃত্যু আবারও খুব নির্মমভাবে সেটা মনে করিয়ে দিল। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। আগামীকাল কী করব, পরের সপ্তাহে কোথায় যাব, কার সঙ্গে দেখা হবে, এসব নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা। অথচ কখন যে কার জীবনের শেষ দিন, সেটা আমরা কেউ জানি না।’
আজ মঙ্গলবার জোহরের জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’সহ বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন সজীব। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবে পরিচিতি ছিল তাঁর। তিনি টেলিভিশন নাট্যকার সংঘের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
২০২১ সালে ‘বিলোপ’ নাটকের চিত্রনাট্যকার হিসেবে মেরিল–প্রথম আলো পুরস্কার পান সজীব। একই নাটকের জন্য শ্রেষ্ট নাট্যকার ও শ্রেষ্ট নাট্য পরিচালক হিসেবে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ পান তিনি। ‘অলিতে গলিতে’ নামে একটি ছোটগল্পের বইও প্রকাশ করেছেন তিনি।