সাদাপাথর নিয়ে অভিনেতার আফসোস, গানে গানে প্রতিবাদ

আনন্দ খালেদ। ছবি: ফেসবুক থেকে

অভিনয়শিল্পী হিসেবে বিভিন্ন সময় কণ্ঠে গান তুলে অন্যায়ের প্রতিবাদ করেন অভিনেতা আনন্দ খালেদ। এবার সিলেটের পাথর লুটের ঘটনার প্রতিবাদে গান গেয়েছেন। তাঁর গাওয়া গানটির শিরোনাম ‘সিলেটের সাদাপাথর আমি দেখেছি’। তিনি মনে করেন, শিল্পী হিসেবে দায়িত্বের জায়গা থেকে গানটি করা।

আনন্দ খালেদ। ছবি: ফেসবুক থেকে

গানটি গত বুধবার প্রকাশের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিন হাজারের বেশি শেয়ার হয়েছে গানটি। এক দিনেই গানটি দেখেছেন ১৪ লাখ দর্শক। খালেদ বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে মনে হয়েছে এটা আমাদের সম্পদ। এটা রক্ষার দায়িত্ব আমাদের সবার। সেখানে রক্ষা না করে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে একটি স্থানের সৌন্দর্য নষ্ট করছেন। এটা একজন শিল্পী হিসেবে আমি মেনে নিতে পারি না। তাই গানের মাধ্যমে প্রতিবাদ করলাম।’

আনন্দ খালেদ। ছবি: ফেসবুক থেকে

খালেদ এর আগে এই সাদাপাথর দেখতে সিলেট যান। তিনি বলেন, ‘আমি কয়েক বছর আগে জায়গাটিতে বেড়াতে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। হঠাৎ মনে হলো আমার কোনো ভাই বা বন্ধুর সন্তান যদি সেখানে যায়, তারা জানতেও পারবে না যে কী অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক সম্পদ ছিল আমাদের। যা আজ লুটে শেষ হওয়ার পথে। আমি সব সময় এই দেশের পর্যটনশিল্পের প্রসার ও বিকাশের পক্ষে। পর্যটন স্পটগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।’

আনন্দ খালেদ। ছবি: ফেসবুক থেকে

খালেদ মনে করেন, তাঁর প্রতিবাদী গান শুনে যদি তরুণ প্রজন্ম একটুও অনুপ্রাণিত হয়, তাহলে তাঁরাই ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে এগিয়ে আসবেন। ‘আমার এই গানটি ফেসবুকে তিন হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন। আমি দেখলাম, তাঁদের অধিকাংশই তরুণ। এটা আমাকে আশ্বস্ত করেছে, দেশের সম্পদ রক্ষায় তরুণেরা জেগে উঠুক, সেটাই চাই।’

এর আগে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে গান করেছিলেন আনন্দ খালেদ। পরে আত্মহত্যা, করোনার মধ্যে সচেতনতা তৈরি করে গান করেছিলেন। মায়ের প্রতি ভালোবাসা থেকেও মাকে নিয়ে তিনি গান করেছিলেন।

আরও পড়ুন