ফেসবুকে অভিনয় ছাড়ার ঘোষণা তরুণ অভিনেত্রীর

নওবা তাহিয়া। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে নওবা লিখেছেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

নওবা তাহিয়া
শিল্পীর সৌজন্যে

‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’
পোস্টে তিনি আরও জানান, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’
সবশেষে তিনি উল্লেখ করেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন

চরকির ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ দিয়ে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। এর মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকও রয়েছে। ক্লোজআপ কাছে আসার গল্প ‘কন্ট্রোল প্লাস জেড’-এও দেখা গিয়েছিল তাঁকে।

নওবা তাহিয়া
ছবি: নওবার ফেসবুক থেকে

পড়াশোনার জন্য অভিনয় থেকে কয়েক মাসের বিরতিতেও ছিলেন অভিনেত্রী। তবে এবার শোবিজকে একবারে বিদায়ই বললেন।

নওবা তাহিয়া
ছবি: নওবার ফেসবুক থেকে