অটোরিকশাচালক থেকে রিকশাওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি অন্য রকম গল্প টেলিছবির দৃশ্যে খন্দকার লেনিন
একটি অন্য রকম গল্প টেলিছবির দৃশ্যে খন্দকার লেনিন

পাঠকদের নিশ্চয়ই মনে আছে ‘নাম আমার মফিজ, ভাড়া হইছে ত্রিশ’ বিজ্ঞাপনটির কথা। বিজ্ঞাপনে খন্দকার লেনিনকে দেখা গেছে অটোরিকশার চালক হিসেবে। এবার সেই লেনিন অভিনয় করলেন একজন রিকশাচালকের ভূমিকায়। তবে বিজ্ঞাপনে নয়, এমন চরিত্রে তাঁকে দেখা যাবে একটি টেলিছবিতে। একটি অন্য রকম গল্প শিরোনামের এই টেলিছবিটি রচনা করেছেন রাসেল আজম ও আলম আশরাফ। পরিচালনা করেছেন রাসেল আজম।
টেলিছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে লেনিন বললেন, ‘টানা ছয় দিন শুটিং করেছি। আমার চরিত্রটা রিকশাচালকের হলেও এর পেছনে একটা গল্প আছে। সেই গল্পে দর্শকদের চোখ ভিজে উঠবে। প্রান্তিক জনগোষ্ঠী যখন বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়, তখন আসলে কী করে, সেটাই দেখানো হয়েছে টেলিছবিটিতে।’
নিজের অভিনয় প্রসঙ্গে মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া এই অভিনেতা বলেন, ‘আমি মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়ার সময় মঞ্চে বলেছিলাম, আমি বিনোদন নয়, বিনোদন সেবা দিতে চাই। এটি তারই একটি ধাপ।’
টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নাদিয়া, কচি খন্দকার, তারেক মাহমুদ প্রমুখ।
একটি অন্য রকম গল্প প্রচারিত হবে গাজী টিভিতে ঈদের সপ্তম দিন রাত সাড়ে ১১টায়।