অনলাইন পোর্টালে 'সাইন আপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইন আপ নাটকের শিল্পীরা
সাইন আপ নাটকের শিল্পীরা

টেলিভিশনে নয়, প্রথমবারের মতো সরাসরি অনলাইনে নতুন তৈরি মেগাধারাবাহিক নাটকের প্রচার শুরু হলো। 3rdbell.com নামে অনলাইন পোর্টালে ধারাবাহিকটি আজ থেকে দেখা যাবে। ধারাবাহিকটির নাম সাইন আপ। নাটকটি লিখেছেন শারমিন হায়াত দীপা আর পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। অভিনেত্রী নওশীনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেবিন ব্যাগ এন্টারটেইনমেন্ট’ থেকে নাটকটি নির্মাণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থার্ডবেল এন্টারটেইনমেন্ট লিমিটেডের অফিসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে বলা হয়, ধারাবাহিকটি সরাসরি অনলাইনে প্রচারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। থার্ডবেল এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা হিল্লোল বলেন, ‘ধারাবাহিকটি হবে ১০০ পর্বের। ইতিমধ্যে ৩০ পর্বের কাজ শেষ হয়েছে। প্রতি বৃহস্পতিবার পাঁচ পর্ব করে আপলোড করা হবে। দর্শকেরা আমাদের এই পোর্টালে গিয়ে বিনা মূল্যে নাটকটি উপভোগ করতে পারবেন। তবে আপাতত বিনা মূল্যে দেখা যাবে এক বছর।’
হিল্লোল জানান, ভবিষ্যতে নাটকের পাশাপাশি চলচ্চিত্রও নির্মাণ করা হবে। এ ছাড়া মিউজিক, খেলাধুলা ও লাইফস্টাইল-বিষয়ক অনুষ্ঠানও থাকবে। আগামী ঈদের সময় পোর্টালটিতে ঈদের তিন দিনের অনুষ্ঠানমালার জন্য তিনটি এক ঘণ্টার নাটক নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।
অনলাইনে সরাসরি প্রচারের জন্য নাটক নির্মাণ প্রসঙ্গে নওশীন বলেন, ‘ইন্টারনেট থেকে ডাউনলোড করা নাটক ইউটিউবে খুবই জনপ্রিয়। প্রচুর দর্শক ইউটিউবে নাটক দেখেন। কিন্তু ইউটিউবের নাটকের রেজু্যলেশন ভালো না। অন্যদিকে প্রচুর দর্শকের চাহিদা। এসব কথা মাথায় রেখেই আমরা অনলাইনের জন্য নাটক নির্মাণ করছি। এ ছাড়া নাটকটি প্রচারের সময় কোনো বিজ্ঞাপন বিরতি নেই।’
সাইন আপ নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মুমতাহীনা টয়া, ঈশিকা খান, অলি, নিয়াজ মুর্শেদ, নেলসন প্রমুখ।