অনলাইনে তাহসানের মুখোমুখি 'নার্ভাস' মিম

“মিম’ম কাস্টডি” নামের একটি অনুষ্ঠান শুরু করছেন বিদ্যা সিনহা মিম। প্রথম পর্বের অতিথি তাহসান। আজ সোমবার সন্ধ্যায় মিমের নিজের ইউটিউব প্ল্যাটফর্মে এটি দেখা যাবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারই প্রথম উপস্থাপকের আসনে দেখা যাবে মিমকে। তাই কিছুটা নার্ভাস ছিলেন বলেও জানালেন। তবে প্রশ্নবাণে কাউকে বিব্রতও করতে চাননি।
মিমের ইউটিউব প্ল্যাটফর্ম এরই মধ্যে চালু হয়েছে ‘কানেকশন’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশের মধ্য দিয়ে। এটিতে মিমের বিপরীতে অভিনয়ে ছিলেন তাহসান। মিম’স কাস্টডির প্রথম পর্বও শুরু হতে যাচ্ছে তাহসানকে দিয়েই। বিষয়টি মনে করিয়ে দিতে হেসে ফেললেন মিম। বললেন, ‘মানুষ যা ভাবার তা–ই ভাবুক। সময় হলে সবাই সবকিছু দেখবে। এসব নিয়ে আমি কোনো ধরনের কথাই বলতে চাই না। আমি আমার মতো করে কাজ করে যেতে চাই।’
মিম’স কাস্টডি নিয়ে পরিকল্পনা কী জানতে চাইলে বললেন, ‘ইচ্ছা আছে মাসে দুটি করে পর্ব প্রচারের। এরই মধ্যে পাঁচটি পর্বের শুটিং শেষ করেছি। প্রতি পর্ব ২০ মিনিটের। এখানে আমার সহকর্মীদের সঙ্গে একরকম মজাচ্ছলে আড্ডা হবে।’
তাহসান ছাড়াও মিম’স কাস্টডিতে এরই মধ্যে অতিথি হয়েছেন শাহরিয়ার নাজিম জয়, সজল, সিয়াম ও ইরফান সাজ্জাদ। পাঁচ পর্বের একটিতেও কোনো নারী সহশিল্পী নেই? এমন প্রশ্নে মিম বললেন, ‘পুরুষ অভিনয়শিল্পীদের সহজে রাজি করানো যায়। এই সময়টায় আমার নারী সহকর্মীরা আমার পরিকল্পনামতো সময়টা বের করতে পারছেন না। তবে যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিছুদিনের মধ্যে শুটিং করবেন।’

মিম’স কাস্টডিতে কী জানা যাবে? মিম বললেন, ‘২০ মিনিটের এই অনুষ্ঠানে মজার একটা আড্ডা দেওয়ার চেষ্টা থাকবে। যে বিষয়গুলোতে আমার সহকর্মীরা বিব্রত হবেন, তেমন বিষয় রাখিনি। তবে যা থাকবে, তাতে ভক্তরা নতুন কিছু জানতে পারবেন। মজাও পাবেন।’
মিম’স কাস্টডির মধ্য দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনার অভিজ্ঞতা হলো মিমের। কেমন ছিল সেই অভিজ্ঞতা শোনা যাক তাঁর কাছে। ‘উপস্থাপনা মোটেও সহজ কাজ না। আমি এত দিন যা করেছি তার একদম বাইরের ঘরানা। কিছুটা নার্ভাস। তবে প্রথম পর্ব প্রচারের পর ভক্ত ও দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি।’ বললেন মিম।