অনুরোধের উপস্থাপনায় ওমর সানী

অনুরোধের অনুষ্ঠান উপস্থাপনা করলেন চিত্রনায়ক ওমর সানী। গতকাল রোববার রাতে বৈশাখী টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। ‘তাঁরা তিনজন’ নামের সেই অনুষ্ঠানে ওমর সানীর অতিথি হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য তিন অভিনয়শিল্পী সোহেল রানা, ফারুক ও রোজিনা। ঈদের জন্য নির্মিতব্য এই অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ আনন্দিত ওমর সানী।
আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বললেন, ‘বৈশাখী টেলিভিশনের জাহিদ হোসেন শোভন আমার খুবই ভালো বন্ধু। সে প্রথম আমাকে উপস্থাপনা করার কথা প্রস্তাব করে। অবশ্য অনুষ্ঠানের অতিথিদের কথা শুনে নিজেও কিছুটা আগ্রহী হই। পরে যখন শুনলাম, অতিথিরাও চাইছিলেন আমি যেন অনুষ্ঠানটি উপস্থাপনা করি। তখন রাজি না হয়ে কি আর উপায় আছে? শুটিং শেষে মনে হয়েছে, একদমই ভুল করিনি।’
কেমন সেটা? ওমর সানী বললেন, ‘আমি যে অনুষ্ঠানটা উপস্থাপনা করেছি, সেখানকার তিনজন অতিথিই কিংবদন্তি। তাঁদের সঙ্গে এমনিতে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাৎ হয়। এভাবে আয়োজন করে কোনো আলাপ হয় না। গতকাল তো আমরা সবাই প্রাণখুলে আড্ডা দিয়েছি। খুনসুটিতে মেতে উঠেছি। ঈদ নিয়ে নিজেদের জীবনের মজার ঘটনার পাশাপাশি চলচ্চিত্র নিয়েও কথা বলেছি। সময়টা সত্যিই অসাধারণ কেটেছে।’

আলমগীর রাসেল প্রযোজিত ‘তারা তিনজন’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে ঈদে দেখানো হবে। প্রসঙ্গত, ওমর সানী এর আগে আরও একবার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত কমেডি ধাঁচের সেই অনুষ্ঠানের নাম ছিল ‘সবজান্তা শমসের’।