অনেক দিন পর আলী যাকের

‘প্রায় বছর তিনেক! হ্যাঁ, বছর তিনেকই হবে।’ জোর দিয়েই বললেন তিনি। প্রশ্নটা ছিল কত দিন পরে টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন? আলী যাকের খানিকটা সময় নিয়ে উত্তর দিলেন।
বর্ষীয়ান এ অভিনেতার কাছে পরের প্রশ্ন ছিল, ‘এত দিন পরে আবার অভিনয়ে...?’ হাসতে হাসতে উত্তর দিলেন তিনি। ‘অনেক দিন আমাকে লোকজন টিভিতে দেখে না। এই জন্য আবার এলাম। দর্শকদের বলতে চাই, আমি এখনো আছি।’
তাহলে কি টিভি নাটকে নিয়মিত হচ্ছেন আলী যাকের? ‘সেটা নির্ভর করে আমার সময় বের করা, ভালো গল্প এবং ব্যক্তিগত কিছু কাজের ওপর। তবে টিভি নাটকে কাজ করার আগ্রহ আমার সব সময়ই আছে।’
সুখবর হলো, তিন বছর পরে টিভি ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন আলী যাকের। কলকাতার লেখক সৌরভ সেনগুপ্তের রচনা ও শাহরিয়ার শাকিলের পরিচালনায় পিছুটান নামের একটি নাটকে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত হয়েছে সবকিছু। খুব তাড়াতাড়ি নাটকটির শুটিং শুরু হবে। নাটকে আলী যাকেরকে দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে। কোনো এক ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি একা থাকেন। এই নিয়ে এগিয়ে চলে গল্প। পিছুটান নাটকে তাঁর সঙ্গে অভিনয় করার কথা রয়েছে অপি করিম ও ইরেশ যাকেরের।