অনেক দিন পর টিভিতে ফেরদৌসী মজুমদার

টেলিভিশন নাটকে এখন তেমন একটা কাজ করেন না ফেরদৌসী মজমুদার। গত বছর মা দিবসে একটি টিভি নাটকে দেখা গিয়েছিল তাঁকে। বছরখানেক পর সম্প্রতি ‘বারুদ’ নামে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করলেন তিনি। ২৮ মার্চ রাজধানীর গুলশানে শুটিং শেষ হয়েছে নাটকটির। ‘বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯ (অনূর্ধ্ব–১৯)’ উপলক্ষে তৈরি হচ্ছে এটি।
চিত্রনাট্য পছন্দ হলে বছরে টেলিভিশনে এক–দুটি কাজ করেন বলে জানান ফেরদৌসী মজুমদার। বারুদ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিচালক খুব করে ধরেছিলেন। তা ছাড়া আমি আবার চিত্রনাট্য না পড়ে কাজ করি না। তার ওপর নাটকটির মধ্যে কিছু বিশেষত্বও থাকতে হয়। এই নাটকটির চিত্রনাট্যের শেষ দিকে খুব ভালো লেগেছে। তা ছাড়া এই নাটক তৈরির উপলক্ষটাও একটা বিশেষ ব্যাপার।’
‘বারুদ’ নাটকে কাজ করতে গিয়ে নিজের ভালো লাগার কথা জানালেন ফেরদৌসী মজুমদার। মঞ্চ ও টেলিভিশনের এই গুণী অভিনেত্রী বলেন, ‘শুনেছি, এই নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী অনেক নাটক বানিয়েছেন। কিন্তু আমার তাঁর সঙ্গে কাজ করা হয়নি। প্রথমবার তাঁর সঙ্গে কাজ করে অসম্ভব ভালো লেগেছে। খুবই সুন্দর একটা পরিবেশে কাজ করেছি। এর আগে যেমনটি অনুভব করেছিলাম আফসানা মিমির পৌষ ফাগুনের পালা নাটক করতে গিয়ে।’
ইফফাত আরেফীন মাহমুদের রচনায় এই নাটকে আরও অভিনয় করেছেন মম, নাঈম, দীপা খন্দকার, শাহেদ আলী, সামিয়া মোহসিন প্রমুখ। পরিচালক জানান, আগামী ২০ এপ্রিল ‘বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯ (অনূর্ধ্ব–১৯)’-এর উদ্বোধন হবে। এ উপলক্ষে ‘এগিয়ে যাবার নেই মানা’ স্লোগানে আরটিভি ২০ থেকে ২৭ এপ্রিল সাতটি বিশেষ নাটক দেখাবে। ‘বারুদ’ সেই সাতটি নাটকের একটি।