অনেক রকম মারিয়া নূর

এই ঈদে টেলিভিশনে অনেকবারই দেখা যাবে মারিয়া নূরকে। কখনো বিশেষজ্ঞ অতিথিদের সঙ্গে, কখনো তারকাদের সঙ্গে হাজির হবেন এই জনপ্রিয় উপস্থাপক। কখনো কোনো অনুষ্ঠানে তিনিই আবার অতিথি।
কথা প্রসঙ্গে বললেন, ‘আমার জন্য এবারের ঈদটা অন্যরকম। একসঙ্গে অনেক ধরনের অনুষ্ঠানে কাজ করেছি। মজার ব্যাপার হলো, একটি অনুষ্ঠানে নেচেছিও।’
এনটিভিতে ‘অন্য ভুবনের তারা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন মারিয়া। এ অনুষ্ঠানের অতিথি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমেদ এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তাঁদের ঈদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে।
আরটিভিতে তারকাদের নিয়ে একটি গেইম শো উপস্থাপনা করেছেন তিনি। ‘স্টার গেইম শো’ নামের এ অনুষ্ঠানটি মজার মজার সব খেলা নিয়ে নির্মাণ করা হয়েছে। খেলায় অংশ নিয়েছেন মডেল ও অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানে নিরব, ইমন, সায়মন, আসিফ, আইরিন, সুজানা, শবনম ফারিয়া ও ইশানা আড্ডাও দিয়েছেন। এটি প্রচারিত হবে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।
একই চ্যানেলে ‘স্টার ড্যান্স’ নামে আরেকটি অনুষ্ঠানে নাচ করেছেন মারিয়া। এই নিয়ে দ্বিতীয়বারের মতো নাচের অভিজ্ঞতা হলো তাঁর।
মারিয়া নূর বললেন, ‘আমি একটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করি। এ ছাড়াও নিয়মিত কিছু ব্যস্ততা থাকে। এত কিছুর পরও চেষ্টা করেছি ঈদে বেশ কয়েকটি অনুষ্ঠানে অন্যরকমভাবে হাজির হতে। আশা করছি ভক্তদের ভাল লাগবে।’
এ ছাড়া মাছরাঙা টিভিতে ‘স্টার নাইট’ ও ‘জিপি আনপ্লাগড’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। আরও কয়েকটি অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। তবে সেগুলোতে তিনি অতিথি।