অন্য এক জ্যোতি

বিভিন্ন সময়ে নাটকে ও চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সম্প্রতি মুক্তি পাওয়া অনিল বাগচীর একদিন ছবিতে ‘অতসী’ চরিত্রে অভিনয় করে নতুন করে চিনিয়েছেন নিজেকে। এবার বুঝি আরও একবার নিজেকে নতুন করে চেনালেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সম্প্রতি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন জ্যোতি। পরনে ছাপা শাড়ি, মাথায় সিঁদুর, হাতে শাঁখা, পায়ে চটি—এ যেন অন্য এক জ্যোতি।
ফেসবুকে ছবিটি পোস্ট করে জ্যোতি লিখেছেন, ‘এটা শোভারানী। ইতিবাচক এক চরিত্র। এটিএন বাংলায় উজান গাঙের নাইয়া-৩ ধারাবাহিক নাটকের একটি চরিত্র।’
গত ২২ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয়েছে উজান গাঙের নাইয়া-৩ ধারাবাহিকটি।
ধারাবাহিক নাটকটিতে নিজের চরিত্রটি প্রসঙ্গে জ্যোতি বললেন, ‘জেলে সমাজের নানান ঘটনা নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির গল্প। সেখানেই একজন সচেতন স্ত্রী হিসেবে আমাকে দেখা যাবে।’
উজান গাঙের নাইয়া-৩ ধারাবাহিক নাটকটি নির্মিত হয়েছে বিবিসি মিডিয়া অ্যাকশন অর্থায়নে। পুরো নাটকটির শুটিং হচ্ছে কক্সবাজারে। এরই মধ্যে মা ও শিশুর পুষ্টিবিষয়ক তথ্য-সংবলিত ও গর্ভবতী মায়েদের জন্য সচেতনতামূলক এই ধারাবাহিক নাটকটির দুটি মৌসুমের প্রচার শেষ হয়েছে। এখন চলছে তৃতীয় মৌসুমের প্রচার।
১৯ পর্বের এই ধারাবাহিকে আরও অভিনয় করেছেন রিয়াজ, মৌসুমী হামিদ, রওনক হাসান, লুৎফর রহমান জর্জসহ অনেকেই।