অন্য রকম তারকা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ৩৫০ নম্বর নাটক প্রচার হবে। তার আগে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আমরা সবাই একসঙ্গে আড্ডা দেব। আপনি আমন্ত্রিত।’ এভাবেই আমন্ত্রণ জানান নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এক রেস্তোরাঁয় ‘৩৫০ নম্বর নাটকের প্রচার’ উদ্‌যাপন করেছেন তিনি। এখানে এসেছিলেন চয়নিকা চৌধুরীর নাটকে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের অনেকেই। গল্প, সেলফি তোলা, মজা করা, একজন আরেকজনের কুশল জানা—সব মিলিয়ে অন্য রকম এক তারকা মেলা হলো।

সবার সঙ্গে চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সবার সঙ্গে চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চয়নিকা চৌধুরী জানান, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর পরিচালক হিসেবে তিনি প্রথম তৈরি করেন নাটক ‘শেষ বেলায়’। নাটকটি বিটিভিতে প্রচারিত হয় ২০০৫ সালের ১৪ এপ্রিল। তবে তাঁর দ্বিতীয় নাটক ‘এক জীবনে’ প্রচারিত হয় বিটিভিতে ২০০১ সালের ২৮ অক্টোবর। তাঁর ৩৫০ নম্বর নাটক ‘কী আছে সেই খামে’। লিখেছেন ফারিয়া হোসেন। মাছরাঙা টিভিতে নাটকটি প্রচারিত হবে ২১ ডিসেম্বর। এই সব কটিই খণ্ড নাটক।

সবার সঙ্গে চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সবার সঙ্গে চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের অনেকেই আমাকে বিভিন্ন সময় নির্মাণের উল্লেখযোগ্য সংখ্যা উদ্‌যাপনের জন্য বলেছেন। কিন্তু নানা কারণে করা হয়নি। এবার কাজের একটু ফাঁক পাওয়ায় সবাইকে নিয়ে আয়োজনটা করেই ফেললাম। সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর এটা একটা ভালো সুযোগ হলো।’

জানালেন, আজ রোববার থেকে তিনি আবার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এনটিভির জন্য একটি ধারাবাহিক নাটক তৈরি করছেন। নাম ‘নীল রঙা মন’। পাশাপাশি তিনি আরেকটি ধারাবাহিক তৈরি করছেন। নাম ‘শ্রাবণ সন্ধ্যা’। লিখেছেন ইমদাদুল হক মিলন। এটি প্রচারিত হবে বাংলাভিশনে। এ পর্যন্ত ১৮টি ধারাবাহিক নাটক তৈরি করেছেন চয়নিকা চৌধুরী।