অন্য রকম সংবর্ধনা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত আবুল হায়াত, ফরিদুর রেজা সাগর এবং এ টি এম শামসুজ্জামান
সংবর্ধনা অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত আবুল হায়াত, ফরিদুর রেজা সাগর এবং এ টি এম শামসুজ্জামান

ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশ–লাইটের জ্বলে ওঠা নেই। সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণত মানুষ গমগম করে। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির আয়োজনটি ছিল অনেকটাই ভিন্ন। রাজধানীর একটি অভিজাত ক্লাবের লাউঞ্জের দরজা ঠেলে ঢুকতেই সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন দিলু বললেন, ‘আয়োজনটি একেবারেই ঘরোয়া। নিজেদের মানুষদের নিয়ে। তাই তেমন আলাদা করে কোনো বিশেষ পরিকল্পনা ছিল না।’ আসলেই একেবারে ঘরের আয়োজনের মতোই। পুনর্মিলনীও বলা চলে।
গত সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানের, যেখানে অভিনন্দন জানানো হয় এবারের স্বাধীনতা পদক বিজয়ী অভিনেতা রাজ্জাক এবং একুশে পদক বিজয়ী এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত ও ফরিদুর রেজা সাগরকে।
অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানের শুরু থেকেই সবার সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন।
কাজী হায়াৎ, মুশফিকুর রহমান গুলজার, কণা রেজা, মেহের আফরোজ শাওনসহ চলচ্চিত্রজগতের বেশ কয়েকজন নির্মাতা, অভিনেতা ও প্রযোজক কথায়-আড্ডায় মেতেছিলেন।
অনুষ্ঠানের মাঝ পর্যায়ে যোগ দেন আরেক একুশে পদকজয়ী অভিনেতা আবুল হায়াত। তার পরপরই অনুষ্ঠানে আরও যোগ হয় আতাউর রহমান, জাহিদ হাসান, মৌ, ওমর সানী, মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত, নিরব, কবির বকুল, দিনাত জাহানের মতো অনেক শিল্পীর নাম। আড্ডা আরও জমে ওঠে।
এরই মধ্যে খবর আসে, নায়ক রাজ্জাককে ছাড়াই চালিয়ে যেতে হবে অনুষ্ঠান। কারণ হঠাৎ খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই বাড়িতে বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। এর পরই শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠানের মূল পর্ব।
প্রযোজক-পরিবেশক সমিতির পক্ষ থেকে একুশে পদকজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। সবশেষে ভোজপর্ব দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠানটি।