অপি উপস্থিত!

‘আমার আমি’ নামের তারকাভিত্তিক টক শোতে উপস্থাপকের আসনে বসে প্রশংসিত হয়েছিলেন অপি করিম। নাচ আর অভিনয়ের বাইরে এই শিল্পীর কথা বলার ঢঙের ভক্তও হয়ে গিয়েছিলেন অনেকে। কিন্তু মাঝে নানান ব্যস্ততার কারণে উপস্থাপনায় দাঁড়ি পড়ে অপির। বিশেষ কোনো উৎসব আয়োজনে অল্প সময়ের জন্য অপিকে দেখা যেত সঞ্চালকের ভূমিকায়। তবে এবার আর অল্প সময় নয়, অপি নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠানের উপস্থাপক হয়ে আবারও উপস্থিত হচ্ছেন টিভি পর্দায়। গাজী টিভিতে ‘এসকিউ লাইটস অপিস গ্লোয়িং চেয়ার’ নামের অনুষ্ঠানে ১২ জুন থেকে প্রতি শুক্রবার রাত ৯টা ১০ মিনিট দেখা যাবে অপি করিমকে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল।
দীর্ঘ সময় পর আবারও উপস্থাপনায় ফিরে অপি করিম বলেন, ‘অনেক দিন পর আবারও কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করছি। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এ কাজটি করতে আমাকে আগ্রহী করেছে।’
এরই মধ্যে অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব ধারণ করা হয়েছে। অনুষ্ঠান নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপিস গ্লোয়িং চেয়ার’-এ অতিথির আসনে দেখা যাবে লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সারাহ বেগম কবরী, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, সারা যাকের, আবুল হায়াত, তারিক আনাম খান, শম্পা রেজা, মৌসুমী, জুয়েল আইচ, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, শমী কায়সার, ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, নুসরাত ইমরোজ তিশা, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শাফিন আহমেদ, ন্যান্সি ও তাহসানকে।