অপূর্বর কণ্ঠে গান!

অভিনেতা হিসেবেই সবাই চেনেন অপূর্বকে। তাও আবার রোমান্টিক অভিনেতা। তবে এবার সম্ভবত নতুন পরিচয় বেরিয়ে এল তাঁর। নাটকে অভিনয় করতে গিয়ে খালি গলায় গাইলেন গান। অবসর সময়ে বা বন্ধুদের আড্ডায় প্রায়ই গিটার হাতে গেয়ে ওঠেন তিনি। সম্প্রতি রুম্মান রশীদ খানের লেখা ও মাকসুদুর রহমানের পরিচালনায় ‘দাগ’ নামের একটি নাটকে গেয়েছেন তিনি। আগামীকাল এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
গানের প্রসঙ্গ মনে করিয়ে দিতেই অপূর্ব হেসে বললেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতাই। এটা হঠাৎ করেই হয়ে গেছে। কেমন গেয়েছি সেটা এই মুহূর্তে আমি বলতে পারব না।’
অপূর্বর গাওয়া নতুন এ গানটি লিখেছেন অনিক বিশ্বাস। ‘চোখে চোখে চোখ পড়েছে’ গানটির সুরও অপূর্বর করা।
‘দাগ’ নাটকে অপূর্ব অভিনয় করেছেন মানসিক প্রতিবন্ধীর চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাইফ চন্দন।