অপূর্বর কফি শপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্ব
অপূর্ব

অভিনয়শিল্পী অপূর্ব বছর দুয়েক আগে অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করেন। সেই ব্যবসাই এবার আরেকটু সম্প্রসারিত হচ্ছে। নতুন ব্যবসায় নিজেকে যুক্ত করে খাবারদাবারে সুনাম কুড়ানোর বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। ঢাকার বনানীতে আবেদিন টাওয়ারের নিচতলায় তিনি গড়ে তুলেছেন ‘টামি টাইম’ নামের একটি কফি শপ। এই কফি শপে অপূর্বর ব্যবসায়িক অংশীদার হিসেবে রয়েছেন তাঁরই দুজন বন্ধু। গতকাল শুক্রবার বিকেলে এটির উদ্বোধন করা হয়।
অপূর্ব বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে কফি শপটি চালু করলাম। মূলত আমার ওই দুই বন্ধুর উৎসাহে ব্যবসাটিতে যুক্ত হয়েছি। তাঁরা দুজন আগে থেকে রেস্টুরেন্ট ব্যবসায় অভিজ্ঞ। আমাদের আড্ডাবাজিও হলো, ব্যবসাও করলাম। পরিকল্পনা আছে, প্রতিদিন সকাল থেকে রাত তিনটা পর্যন্ত এটি খোলা রাখার। খাবারের গুণগত মান, স্বাদ ও স্বাস্থ্যসম্মত ব্যাপারগুলোকে গুরুত্ব দিচ্ছি আমরা। আমাদের এই কফি শপটি মূলত টেক অ্যাওয়ে সার্ভিসের ওপরই বেশি জোর দিচ্ছে। তবে স্বল্প পরিসরে এই কফি শপে বসে খাওয়ার ব্যবস্থাও থাকবে।’
এদিকে কিছুদিনের মধ্যে গুলশান এবি সেন্টারে ‘টামি টাইম’ নামেই একটি রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন অপূর্ব। সেখানে সব ধরনের খাবার পাওয়া যাবে।