অপেক্ষা করে ভুল করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চ্যানেল আইতে আজ বুধবার বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি গল্পটা সৌমিকের কিংবা মিশু অথবা অন্য কারো। এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুমনা সোমা। কথা হলো তাঁর সঙ্গে।
সুমনা সোমা
সুমনা সোমা

‘গল্পটা সৌমিকের কিংবা মিশু অথবা অন্য কারো’ টেলিছবি প্রসঙ্গে বলুন
এখন যে গতানুগতিক নাটক ও টেলিছবি হচ্ছে, তা থেকে এটি আলাদা। নারীবাদী গল্পের টেলিছবিতে জাদু বাস্তবতার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার আলেয়া চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। আমি সেই আলেয়া চরিত্রে অভিনয় করেছি। তবে পরিচালক জাফর আল মামুন এই চরিত্রকে বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করছেন?
দুটি ছবির কাজ শেষ করেছি। দুটির নির্মাতাই আশরাফ শিশির। একটির নাম গোপন। অন্যটি আমরা একটা সিনেমা বানাব। দ্বিতীয়টির গল্প কিন্তু দারুণ।
কীভাবে বুঝব ‘আমরা একটি সিনেমা বানাব’ ছবিটি দারুণ?
নন্দিত নরকে সিনেমার পর আমি ভালো একটি চরিত্রের খোঁজে ছিলাম। মনে হয়েছে, অপেক্ষা করে ভুল করিনি। এই ছবিটি একটি মেয়ের জীবনযুদ্ধের গল্প। এখানে আমার চরিত্রের নাম রূপবান। মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ে রূপবানের জীবনসংগ্রাম ছবিতে তুলে ধরা হয়েছে।
আপনি কি অভিনয় কম করছেন?
এখন এত এত চ্যানেল, সব চ্যানেলে কাজ না গেলে এমনটা মনে হয়। কাজ যে একেবারে কম করছি, তা নয়। যেসব নাটকে অভিনয় করছি, সেসবের প্রচার খুব একটা হয় না। আমাদের দেশের মানুষের একটা বদ্ধমূল ধারণা, এখন ভালো নাটক হয় না। তাই বুঝি কেউ বাংলাদেশি চ্যানেলের টিভি নাটক দেখে না।
‘নাটক ভালো হচ্ছে না’—এ কথাটা কিন্তু ইদানীং অনেক বেশি শোনা যাচ্ছে...
আমাদের অনেকে এখন ভারতের টিভি সিরিয়ালের অনুকরণে কিছু একটা বানানোর চেষ্টা করেন, যা আমাদের সংস্কৃতির সঙ্গে মোটেও মানানসই নয়। এ কারণে নাটকের মান খারাপ হচ্ছে। আমার সন্তান ভালো না হলে কি সে আমার না! একইভাবে আমার সংস্কৃতি ভালো হোক খারাপ হোক, আমারই। আমাদের খুঁজে বের করতে হবে কেন আমরা সাংস্কৃতিক মান ধরে রাখতে পারছি না। মান ধরে রাখাটাই জরুরি।
সাক্ষাৎকার: মনজুর কাদের