অভিজ্ঞ অভিনয়শিল্পী এখনকার নাটকে খুব একটা পাই না
অভিনয় নিয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। তাঁর হাতে আছে ১০টি ধারাবাহিক নাটকের কাজ। সম্প্রতি শেষ করেছেন বেশ কয়েকটি একক নাটকের কাজ। বর্তমান ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন এই অভিনেত্রী।
প্রশ্ন :
ব্যস্ততা কী নিয়ে?
১০টির মতো ধারাবাহিকে অভিনয় করছি। সম্প্রতি ৭ পর্বের ‘ভাইরাল ভিডিও’ ধারাবাহিকের কাজ শেষ করেছি। এ ছাড়া বেশ কয়েকটি একক নাটকের কাজও শেষ করলাম। ধারাবাহিকে বেশি সময় দিচ্ছি।
প্রশ্ন :
একসঙ্গে এত নাটকে কাজ করলে চরিত্রের প্রস্তুতির জন্য সময় কখন পান?
ধারাবাহিক নাটকে কাজ শুরু করার আগেই চিত্রনাট্য সংগ্রহ করি। চিত্রনাট্য পড়ে গল্পের প্রেক্ষাপট ও অন্য চরিত্রগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। নিজের মতো করে আমার চরিত্রটি নিয়ে ভাবি। নির্মাতা আমাকে কীভাবে দেখাতে চাইছেন, তা নিয়ে আলোচনা করি। একসঙ্গে যেহেতু অনেক ধারাবাহিকে কাজ করতে হয়, তাই চরিত্রে ভিন্নতা আনার চেষ্টা করি।
প্রশ্ন :
কোন নাটকে বেশি সাড়া পান?
ধারাবাহিক থেকেই দর্শকের সাড়া বেশি পাই। করোনার মধ্যে শেষ হয়েছে ‘বকুলপুর’ নামের একটি ধারাবাহিক। এখনো মানুষ সেই নাটক নিয়ে কথা বলে। অনেকে এটি পুনঃপ্রচারের অপেক্ষা করছে। একটা ধারাবাহিক যদি দর্শকদের মধ্যে দাগ কাটতে পারে, তার প্রতিক্রিয়া অনেক দিন পর্যন্ত থাকে। একক নাটক এখন কিছুটা কম করছি।
প্রশ্ন :
অভিনয়ে এখন কতটা তৃপ্তি পান?
এখন প্রচুর নাটকের শুটিং হচ্ছে। নাটক প্রচারিত হচ্ছে, কিন্তু আগের মতো দর্শক নাটক দেখছে না। একক নাটকে আগের মতো কোনো বৈচিত্র্য নেই। বেশির ভাগ নাটকই শুধু প্রেম-ভালোবাসাকেন্দ্রিক। এখন গল্পের একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। একক নাটক হলে প্রেম-ভালোবাসা আর ধারাবাহিক হলে গ্রামীণ প্রেক্ষাপটের নাটক। কিন্তু আমি পরিবারকেন্দ্রিক গল্পগুলোকে খুব মিস করি।
প্রশ্ন :
আপনারা দুজনই অভিনয়শিল্পী। ব্যস্ততা নিয়ে ঘরসংসার সামলান কীভাবে?
আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের মধ্যে সেভাবেই বোঝাপড়াগুলো তৈরি।
প্রশ্ন :
এই সময়ে নাটকের মান কমে যাওয়ার কারণ কি স্বল্প বাজেট?
স্বল্প বাজেট অবশ্যই দায়ী, কিন্তু পেশাদারিও দরকার। সার্বিকভাবে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে আগের বাজেট ধরে রাখার প্রচেষ্টা আমার মনে হয় কম। গল্পে মা-বাবা বা অন্য শিল্পীদের রাখতে খুব বেশি টাকা লাগে না।
প্রশ্ন :
এখনকার কাজের ক্ষেত্রে টিমওয়ার্ক কেমন থাকে?
একসঙ্গে অনেক অভিজ্ঞ অভিনয়শিল্পী এখনকার নাটকে খুব একটা পাই না। সেই আগের মতো হোমওয়ার্ক করাটা কঠিন হয়ে পড়ে। বেশির ভাগ শুটিংয়ে দেখা যায় নতুন নতুন অনেক মুখ। এটা ভালো। নতুন অভিনেতারা আসবেন। মিডিয়া সমৃদ্ধ হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠিত যেসব চরিত্রাভিনেতা আছেন, তাঁদের যথাযথ কাজে লাগানো হচ্ছে না। অনেকে ভালো অভিনয়শিল্পী। কিন্তু তাঁদের দিয়ে অভিনয় করানো হচ্ছে না। সবাই অভিনয় না জানলে অভিনয়টা একা একা করা যায় না। এ জন্য অনেক গল্পই ফুটে ওঠে না।
প্রশ্ন :
ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে ভাবনা কী?
ভালো গল্প হলে আবার ওয়েবে কাজ করব। একজন অভিনয়শিল্পীর জীবনে সবচেয়ে বড় চাওয়া ভালো গল্প। গল্প পছন্দ হলেই কাজ করব।
প্রশ্ন :
ধারাবাহিকে এক দিনে নাকি অনেক দৃশ্যের শুটিং করতে হয়? আপনার অভিজ্ঞতা কেমন?
সবার শিডিউল একসঙ্গে মেলানো সম্ভব হয় না। এ জন্য আমাদের প্রচুর কষ্ট করে শুটিং করতে হয়। অনেক চাপ নিয়ে শুটিং করতে হয়।
প্রশ্ন :
আপনার অভিনীত নাটকের সবচেয়ে বড় সমালোচক কে?
আমি নিজেই আমার বড় সমালোচক। আমার নিজের কাজ দেখলে পরে ভালো লাগে না। সব সময় ভাবি, আমাকে আরও ভালো অভিনয় করতে হবে। তা ছাড়া নাঈম আমার অভিনয়ের অনেক প্রশংসা করে। তবে আমার মা কখনোই আমার অভিনয়ে প্রশংসা করেন না। মন্দ কিছু হলেই তিনি শুধু বলেন।
প্রশ্ন :
প্রতিবছর ঘুরতে যান, এবার পরিকল্পনা কী?
এবার করোনার কারণে কোনো পরিকল্পনা নেই। নিরাপত্তার জন্য মা-বাবার সঙ্গেই দেখা করতে যেতে পারছি না। সব সময়ই চাই, দ্রুত যেন পৃথিবীটা স্বাভাবিক হয়। মনখুলে নিশ্বাস নিতে চাই।