অভিনয়শিল্পী ফাতেমা তুজ জোহরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতাল হাওয়া নাটকে মিম ও ফাতেমা তুজ জোহরা
মাতাল হাওয়া নাটকে মিম ও ফাতেমা তুজ জোহরা

‘আমি সংগীতশিল্পী। অভিনয় করছি শখের বশে। কিছু অনুরোধ ফেলতে পারি না, এ কারণেও করতে হয়। মাতাল হাওয়া আমার একাদশ নাটক। তবে এটি ধারাবাহিক নাটক। গল্পটি বেশ মজার।’ বললেন ফাতেমা তুজ জোহরা। তাঁর অভিনীত মাতাল হাওয়া ধারাবাহিকটি আজ শুরু হচ্ছে চ্যানেল আইয়ে। প্রচারিত হবে সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে।
মাতাল হাওয়ার নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন, মিম, প্রাণ, অপর্ণা, রওনক হাসান, অর্ষা, সুষমা, ম ম মোর্শেদ, ইনামুল হক, কচি খন্দকার, রিফাত চৌধুরী প্রমুখ।
নাটকে নিজের চরিত্রটি নিয়ে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘এই নাটকে আমি একটি পরিবারের মা। নজরুলসংগীত গাই। স্বামী ইনামুল হকের পছন্দ রবীন্দ্রসংগীত। ছেলেমেয়েরাও গান করে। আমরা একটি কলোনিতে এসেছি। এখানে আসার পর সংগীতচর্চা নিয়ে আমাদের নানা বিড়ম্বনার শিকার হতে হয়।’
জানালেন, এখন আর অভিনয় করছেন না। তাঁর মতে, ‘অভিনয় মোটেও সহজ কাজ নয়। আমি গান করি, পাশাপাশি যদি অভিনয়ও করি, তাহলে তা আমার গানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আর আমি এখন ব্যস্ত লেখালেখি নিয়ে। লিখছি। গানের পরে লিখতেই বেশি ভালো লাগছে।’