অভিনয়ে সন্ধি, সহশিল্পী তিশা

শিশুশিল্পী হিসেবে একসময় মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন বর্তমান সময়ের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক সন্ধি। বড় হয়ে অবশ্য আর সেই পথে হাঁটেননি তিনি। গান নিয়েই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন। হয়ে উঠেছেন পুরোদস্তুর গায়ক ও সংগীত পরিচালক। অনেক বছর পর আবার তাঁকে অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে। ঈদের জন্য নির্মিতব্য একটি নাটকে অভিনয়ে রাজি হয়েছেন সন্ধি। আজ রোববার বিকেলে রাজধানীর মগবাজারে নাটকটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ইমরাউল রাফাত পরিচালিত এই নাটকের নাম `পরিনতি' ।
সন্ধি বলেন, ‘নাটকটির পরিচালক আমার পরিচিত। তাঁর নাটকে এর আগে গানের কাজ করেছি। পরিচালক এবারের নাটকটির গল্প যখন শোনাচ্ছিলেন তখন ভাবছিলাম হয়তো এবারও গান করতে হবে। পুরো গল্পটি শোনার পর নিজের ভালো লাগার কথা জানাতেই পরিচালক জানালেন ভিন্ন কথা। তাঁর ইচ্ছে, আমাকে এই নাটকে অভিনয় করতে হবে। এই ধরনের প্রস্তাব শুনে আমি তো রীতিমতো অবাক! তবে গল্পটা এত বেশি ভালো লেগে যায় যে, অভিনয় না করার কথাটা বলা সম্ভব হয়নি।’
গল্প প্রসঙ্গে সন্ধি বলেন, ‘এটা গতানুগতিক কোনো প্রেমের গল্প না। পড়ার পর মনে হয়েছে একেবারে ভিন্নধর্মী একটা গল্প। পুরো গল্পের কাহিনিতে অনেক আপস অ্যান্ড ডাউন আছে। মূলত, গল্পের বৈচিত্র্য আমাকে নাটকটিতে অভিনয় করতে আরও বেশি টেনেছে। এই নাটকে অভিনয়ের আরও কারণ আছে। আর তা হচ্ছে সহশিল্পী হিসেবে তিশা আপু ও ইরেশ যাকের ভাই।’
শিশুশিল্পী হিসেবে সন্ধি তাঁর বাবার নাট্যদল ‘আনন্দম নাট্যম’র হয়ে তিনটি মঞ্চ নাটকের নিয়মিত প্রযোজনায় অংশ নেন। নাটকগুলো হচ্ছে ডাকঘর, কাবুলিওয়ালা, ইচ্ছে রাজার কিস্সা।