অভিনেত্রী কবরীর ৫০ বছর

বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রী কবরীর ৫০ বছরের অভিনয় জীবন নিয়ে তৈরি হয়েছে একটি অনুষ্ঠান। নাম অভিনেত্রী কবরীর ৫০ বছর। অনুষ্ঠানটিতে সঞ্চালকের আসনে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
অভিনেত্রী কবরীর অভিনয় জীবন নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। এটি চ্যানেল আইতে প্রচারিত হবে ৮ আগস্ট শুক্রবার রাত আটটায়।
অনুষ্ঠানটির পরিচালক আবদুর রহমান। তিনি জানিয়েছেন, কবরীর অভিনয়জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে এখানে। জাফর ইকবাল, উজ্জ্বল, ফারুক, আলমগীর আর সোহেল রানার প্রথম নায়িকা ছিলেন কবরী। এই অনুষ্ঠানে রয়েছে সেসব কথা। কবরীকে নিয়ে কথা বলেছেন রাজ্জাক। এ ছাড়া সেই দিনগুলোর স্মৃতিচারণ করেছেন কয়েকজন। সঙ্গে রয়েছে কবরী অভিনীত বিভিন্ন ছবির দৃশ্য ও গান।
কবরীর প্রথম ছবি সুতরাং মুক্তি পেয়েছিল ১৯৬৪ সালে। এরপর পেরিয়ে গেছে ৫০ বছর। এই সময়ের মধ্যে দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন কবরী। ছবি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন।
কবরী বলেন, ‘কোথা দিয়ে যেন ৫০টি বছর চলে গেল। মনে হয়, এই তো সেদিনের কথা। চ্যানেল আই আমাকে নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করেছে। এজন্য আমি এই চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’
কবরীর সাক্ষাত্কার নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, ‘আমি সাধারণত অনুষ্ঠান উপস্থাপনা করি না। এটা আমার কাজও নয় কিন্তু যে ভাবনার ওপর ভিত্তি করে চ্যানেল আই কবরী ম্যাডামকে নিয়ে অনুষ্ঠানটি তৈরির পরিকল্পনা করেছে, তা শোনার পর না করতে পারিনি।’
মৌসুমী আরও বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রে কবরীর পরিচয় তিনি নিজেই। তাঁর সঙ্গে কারও কোনো তুলনা হয় না। চলচ্চিত্রের পাশাপাশি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারও সফল। বাংলা চলচ্চিত্রে কবরী ম্যাডামের ৫০ বছরের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পেরে অনেক ভালো লেগেছে।’