অভিনয় শিল্পী সংঘের অভিষেক আজ বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ গ্রহণের পর অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি: প্রথম আলো
শপথ গ্রহণের পর অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি: প্রথম আলো

ভোট গ্রহণ এবং ফলাফলের এক সপ্তাহ পর আজ শুক্রবার অভিনয় শিল্পী সংঘের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় অভিষেক অনুষ্ঠান শুরু হবে।

গত ২১ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের ২০১৯-২০২১ দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচন। ওই দিন রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছে তারকা শিল্পী শহীদুজ্জামান সেলিম। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। সহসভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন-আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান এবং আনিসুর রহমান মিলন।

অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন, দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন। নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন-নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মনিরা বেগম মেমী, শামস সুমন ও রাজীব সালেহীন।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোটার ছিলেন ৬০৬ জন। এর মধ্যে টোকেন সংগ্রহ করে ভোট দিয়েছেন ৫১৪ জন। সেই হিসাবে ৯০ শতাংশ ভোট পড়েছে নির্বাচনে। ৫৭টি ব্যালট বাতিল হয়েছে। সঠিক হয়েছে ৪৫৭টি ব্যালট। প্রধান নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ। এ ছাড়া নির্বাচন কমিশনার ছিলেন মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ। তবে তারা ফল ঘোষণা করলেও দায়িত্ব গ্রহণ করতে তুলনামূলক বেশি সময় নিয়েছে নতুন কমিটি। কিছু জটিলতা বাধাগ্রস্ত করে নির্বাচন পরবর্তী কার্যক্রমকে। তবে ২৪ জুন সংগঠনটির নিকেতনের অফিসে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নির্বাচনে বিজয়ীরা। সংগঠনের একাধিক সদস্য অভিযোগ করেন শপথ গ্রহণের আয়োজনের বিষয়ে তাদের জানানো হয়নি। তাদের দাবি গোপনেই নতুন কমিটি শপথ গ্রহণ করেছে।

২৬ জুন অভিনয় শিল্পী সংঘের সভাপতি হিসেবে শহীদুজ্জামান সেলিম সচিবালয়ে গিয়ে তথ্যসচিব আবদুল মালেকের সঙ্গে এক আলোচনায় অংশ নেন। হঠাৎ করে কোন পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়া শপথ গ্রহণ প্রসঙ্গে ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে পুনর্নিবাচিত সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ সরকারিভাবে নিবন্ধিত সংস্থা। আমরা সরকারের সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন পেয়েছি। সে আলোকে শপথও নিয়েছি। আজ আয়োজনে সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবাইকে আমাদের পরবর্তী কার্যক্রম, আগামী পরিকল্পনা জানিয়ে দেব।’