অভিনয়শিল্পী সংঘের 'সাধারণ সভা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয় শিল্পী সংঘ এর সভায় অতিথিরা
অভিনয় শিল্পী সংঘ এর সভায় অতিথিরা

প্রায় সাত বছর পর অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হলো। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল এই সভার। সভায় উপস্থিত ছিলেন নাট্য জগতের অনেক তারকা।
সভা প্রসঙ্গে সংঘের সাধারণ সম্পাদক তুষার খান শুরুতেই একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। সেখানে তিনি বলেন, ‘সর্বশেষ সাধারণ সভাটি হয়েছিল আজ থেকে প্রায় সাত বছর আগে। এর কারণ হিসেবে কোনো অজুহাত দাঁড় করাব না, আমাদের কার্যনির্বাহী পরিষদের কাউকে অভিযুক্তও করব না। তবে বিষয়টি আমার ব্যক্তিগত অনীহাই শুধু নয়, আরও অনেক কারণ রয়েছে।’ বক্তব্যে সংঘের এত দিনের কার্যক্রম তুলে ধরেন তিনি।
সভা শেষে অভিনেতা মামুনুর রশীদকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তুষার খান, আহসানুল হক, রোকেয়া প্রাচী, শিরিন বকুল, শামস সুমন, আহসান হাবীব নাসিম (সদস্যসচিব), রওনক হাসান ও সিদ্দিকুর রহমান। সভায় জানানো হয়, আগামী বছরের ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্যে চলতে থাকবে নতুন সদস্য নেওয়ার কাজ।
উল্লেখ্য, সাত বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল সংগঠনটি। ওই সময় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আলী যাকের এবং সাধারণ সম্পাদক ছিলেন তুষার খান। এরপর আর নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। বর্তমানে ১৬০ জন অভিনয়শিল্পী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন এই সংগঠনের সঙ্গে।