অভিনয়ে একঝাঁক অটোরিকশাচালক!

বেলা পৌনে একটায় শুটিংয়ের তোড়জোড় চলছিল রাজধানীর পলাশীর মোড়ে। গতকাল রোববার সেখানে উপস্থিত হয়েছিলেন একঝাঁক সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের নিয়ে প্রথমে হবে শুটিং, তারপর সমাবেশ।
ঢাকার রাজপথে মানুষের ভোগান্তির শেষ নেই। অটোরিকশাচালকদের বিরুদ্ধে যাত্রীদের কত অভিযোগ! যেখানেই যেতে বলা হয়, রাজি হন না তাঁরা। অতিরিক্ত ভাড়া হাঁকেন। অটোরিকশাচালকদেরও বাহানা—‘জমার টাকা বেশি দিতে হয়।’
যাত্রী-চালক দুই পক্ষকে পাল্টাপাল্টি অভিযোগ থেকে বের হয়ে সচেতন করে তুলবে জেগে ওঠার গল্প। ঈদুল আজহা সামনে রেখে নির্মাতা রেদওয়ান রনি তৈরি করছেন এই টেলিছবি। এর চিত্রনাট্যও তাঁর। একঝাঁক অটোরিকশাচালকের সঙ্গে টেলিছবিতে অভিনয় করেছেন বিজ্ঞাপনে ‘মফিজ’ চরিত্রের জন্য পরিচিতি পাওয়া খন্দকার লেলিন। আরও রয়েছেন আল-আমিন সবুজ, সুমন পাটওয়ারী, মিশু চৌধুরী, মিলন ভট্ট, সৈকত প্রামাণিক প্রমুখ।
বেশ কয়েক বছর আগে একটি বিজ্ঞাপন অনেকের নজর কাড়ে। তাতে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মুখ থেকে শোনা যায়, ‘আমার নাম মফিজ, ভাড়া হইল তিরিশ।’ পরিচালক রেদওয়ান রনি বলেন, সেই মফিজ চরিত্রকে ধরেই এই টেলিছবির চিত্রনাট্যটি তৈরি। তিনি আরও বলে, মূলত সচেতনতা সৃষ্টির জন্য এই টেলিছবি নির্মিত হচ্ছে। টেলিছবি জেগে ওঠার গল্প দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন মাছরাঙা টেলিভিশনে।