অভিনয়ে ক্রিকেটার জেসি

অবশেষে অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সাথিরা জাকির জেসি। নাটকের নাম ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ৫২ পর্বের এই ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করছেন তারিক মুহম্মদ। বাস্তবে জেসি ক্রিকেটার হলেও নাটকে তিনি অভিনয় করছেন সাংবাদিক চরিত্রে। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।
এ মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় ধাপের শুটিং। অভিনয় প্রসঙ্গে জেসি বলেন, ‘আসলে অভিনয় করার খুব বেশি ইচ্ছা ছিল না। কিন্তু পরিচালক ও নাটকটির প্রযোজকের অনুরোধে কাজটি করতে হলো।’ প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে জেসি বলেন, ‘টিভিতে উপস্থাপনা করার সুবাদে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আমার আগে থেকেই ছিল। কিন্তু সেটি অভিনয়ের জন্য প্রথম। এ কারণে শুরুতে বেশ ভয়ে ছিলাম। শেষ পর্যন্ত কাজটি করতে পেরে ভালো লাগছে।’
জেসি ২০০৭ সাল থেকে নিয়মিত ক্রিকেট খেলছেন। মাঝে কিছুদিন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ক্রিকেটবিষয়ক বেশ কিছু অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করেন তিনি।