অভিনয়ে গানের সন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণতি নাটকের একটি দৃশ্যে সন্ধি ও তিশা
পরিণতি নাটকের একটি দৃশ্যে সন্ধি ও তিশা

অভিনয়ে নাম লেখালেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সন্ধি। নাটকের নাম পরিণতি। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
১৬ মে থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাটকটির শুটিং। তবে সন্ধির অংশের শুটিং শুরু হয় গতকাল রোববার। অভিনেতার জুতোয় পা রাখা নিয়ে সন্ধি বলেন, ‘শুরুতে রাফাত ভাই যখন আমাকে নাটকের গল্প শোনান, আমি ভেবেছিলাম আমাকে এ নাটকের জন্য একটি গান তৈরি করতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। পরে জানালেন আমাকে অভিনয় করতে হবে। আমি অভিনয়ের মানুষ নই, কিন্তু গল্পটা এত ভালো লেগেছে যে না করতে পারিনি।’ ক্যামেরার সামনে প্রথম অভিনয় করলেও সন্ধির বাবা খোদাবক্স শানুর গড়া ‘আনন্দম নাট্যম’ নামের একটি দলের তিনটি নাটকে শিশুশিল্পী হয়ে মঞ্চে উঠেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়েই এবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। বললেন, ‘আমি ছোটবেলায় ডাকঘর, কাবুলিওয়ালা এবং ইচ্ছে রাজার কিচ্ছে নাটকে অভিনয় করেছিলাম। সেটা বেশ কাজে লাগছে।’ পরিণতি নাটকে সন্ধির সঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরেশ যাকের।
সন্ধি বর্তমানে নিজের একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি তিনি জিরো ডিগ্রিসহ বেশ কয়েকটি নাটক ও টেলিছবির আবহ সংগীতের কাজ করেছেন।