অভিনয়ে ফিরছেন আলী যাকের

‘পিছুটান’ নামের একটি নাটকে অভিনয় করবেন আলী যাকের, অপি করিম ও ইরেশ যাকের। কলকাতার লেখক সৌরভ সেনগুপ্তের লেখা নাটকটি পরিচালনা করবেন শাহরিয়ার শাকিল। আর এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন আলী যাকের।
নাটকের গল্পে আলী যাকের একজন বিখ্যাত চিত্রশিল্পী। কোনো এক ভুলের প্রায়শ্চিত্তের জন্য একা থাকছেন। যেহেতু একা একা থাকবেন, সে কারণেই এমন একটি বাড়ি বেছে নিয়েছেন, যেখানে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করে না। অন্য দিকে কলকাতার মেয়ে অপি করিম। তাঁর পূর্ব পুরুষদের আদি বাড়ি বাংলাদেশে। ইন্টারনেটে বাংলাদেশের এক ছেলের সঙ্গে পরিচয় হয় অপির। এর পর অপি কলকাতা থেকে নিজের আদি বাড়িতে আসার জন্য রওনা করেন। এভাবেই নানা ঘটনা ঘটতে দেখা যায়।
‘পিছুটান’ নাটকে আলী যাকেরের সহশিল্পী হিসেবে অভিনয় করবেন অপি করিম ও ইরেশ যাকের।
শাহরিয়ার শাকিল বললেন, ‘নন ফিকশন বানানো আমার নেশা। “পিছুটান” নাটকের গল্পটি ভালো লাগায় নাটকটি নির্মাণে আগ্রহী হয়েছি। খুব শিগগির নাটকটির দৃশ্য ধারণ শুরু হবে। ঢাকা ও কলকাতার বেশ কয়েকটি স্থানে নাটকটির চিত্রায়ণ হবে।’
নাটকটি সামনের ঈদে এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক শাহরিয়ার শাকিল। এটি তাঁর নিজ প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়া থেকে নির্মিত হচ্ছে।