অভিনয়ে ফিরলেন রাজ্জাক

এ বছরের জুন মাসে দেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। ‘নায়করাজ’খ্যাত এ অভিনেতার শরীরের ওপর দিয়ে এ সময় যেন রীতিমতো ঝড়ই বয়ে গিয়েছিল। অসুস্থতার সময়ে প্রিয় অভিনেতার অসুস্থতার বিষয়টিই সবাই খবরের শিরোনাম হিসেবে দেখেছেন। রাজ্জাক ভক্তদের জন্য সুখবর। তাঁদের এই প্রিয় অভিনেতা আবারও অভিনয়ে ফিরেছেন। গতকাল রোববার ঢাকার উত্তরায় একটি টেলিছবির শুটিং করেছেন তিনি। এ ছবির পরিচালক তাঁর ছোট ছেলে সম্রাট।
‘দায়ভার’ নামের এই টেলিছবিটিতে রাজ্জাকের সহশিল্পী হলেন ডলি জহুর, বাঁধন এবং সম্রাট। উত্তরার ‘হইচই’ শুটিংবাড়িতে আজ সোমবারও ‘দায়ভার’ টেলিছবির শুটিং করছেন রাজ্জাক।
মোবাইল ফোনে রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এখন শরীরটা ভালো, তাই কাজ করছি। তবে চিকিৎসকের নির্দেশনা মেনেই কাজ করছি আমি। সম্রাটের কাছ থেকে টেলিছবিটির গল্প শোনার পর ভালো লেগেছিল। তাই আগ্রহ নিয়ে কাজটি করছি।’
রাজ্জাক সর্বশেষ অভিনয় করেছিলেন তাঁরই আরেক ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে।
রাজ্জাক পরিচালিত সাম্প্রতিক ছবির নাম ‘আয়নাকাহিনি’। ইমদাদুল হক মিলনের ‘আয়নাকাহিনি’ উপন্যাস অবলম্বনে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।