
‘বজলু, পুরান টাকাগুলা কি ধুইছিস?’
একটি ৫০০ টাকার নোট সাবান দিয়ে ধুয়ে শুকাতে দিতে দিতে বজলু উত্তর দিল, ‘হ, কাকা।’ লোহার সিঁড়ি মাড়িয়ে দোতলা থেকে নেমে আগে ধুয়ে শুকাতে দেওয়া কয়েকটি নোট পকেটে রাখলেন বজলুর সেই বৃদ্ধ কাকা। পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি। বেরিয়ে গেলেন সরু গলি দিয়ে, যে গলি দিয়ে খানিক আগে আমরা ঢুকেছি। রাজধানীর বাড্ডা এলাকার এই গলি মাড়িয়ে শুটিং স্পটে নিয়ে এসেছেন নির্মাতা রেদওয়ান রনির সহকারী।
গত বৃহস্পতিবারের দুপুর। গলির দুই পাশে দুই ভবন, যেটা পেরিয়ে এলে টিনশেড আধা পাকা দোতলা ও একতলা বাড়ি, সেখানেই শুটিং হচ্ছে ‘ছবিয়াল রিইউনিয়ন’-এর নাটক মি. জনির। নাটকটি নির্মাণ করছেন রেদওয়ান রনি।
বজলু আর ওই কাকার দৃশ্য ধারণ চলল কয়েক দফা। কারণ আছে। বজলু চরিত্রে অভিনয় করা রিফাত নামের ছেলেটি কখনোই দাঁড়ায়নি ক্যামেরার সামনে। এই বাড়ির একটি ঘর দেখিয়ে সে বলল, এখানে থাকে সে। পরিচালক হাসতে হাসতে বললেন, ‘ও লোকাল অভিনেতা।’
আর বৃদ্ধ কাকা হয়েছেন ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ঝিনুকমালা সিনেমার পরিচালক আবদুস সামাদ। আছেন লাইভ ফ্রম ঢাকা নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অভিনেতা মুস্তাফা মনোয়ার। আরও আছেন জয়িতা মহলানবিশ।
আপাতত অভিনেতার তালিকায় তাঁরাই মুখ্য। আরও কিছু চরিত্র আসবে-যাবে। কিন্তু জনি নামে কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করবেন, তাঁর ব্যাপারে মুখ খুললেন না পরিচালক। বললেন, ‘এটা বললে চমকটাই থাকবে না। দর্শকেরা দেখুক আগে।’
পরিচালক জানিয়ে রাখলেন, ‘একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ করছি নাটকটি। শুরুতে অনেক কিছু মনে হতে পারে। কিন্তু নাটকের শেষে দর্শক ভাববেন, চোখ মুছবেন!’
এমন চোখ মুছে যাওয়া দৃশ্যের শুটিংও এখন হবে না। টানা চার দিনের যেকোনো এক দিন। আপাতত সেই গলির মধ্যে পরের দৃশ্যের শুটিং হবে। তারই প্রস্তুতি নিতে বললেন পরিচালক।