অসম প্রেমের 'ত্রিকোণমিতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিকোণমিতি নাটকের একটি দৃশ্যে স্পর্শিয়া ও তারিক আনাম খান
ত্রিকোণমিতি নাটকের একটি দৃশ্যে স্পর্শিয়া ও তারিক আনাম খান

পর্দায় শিল্পীদের মধ্যে কত রকমেরই না রসায়ন দেখা যায়। নাটক-সিনেমায় দেখানো হয়, প্রেম মানে না কোনো ধরাবাঁধা হিসাব-নিকাশ। কত চড়াই-উতরাই পেরিয়ে প্রেমিক জিতে নেয় তাঁর প্রেমিকাকে। ঈদের জন্য নির্মিত ত্রিকোণমিতি নাটকটিও এর থেকে ভিন্ন নয়। এতেও দেখা যাবে প্রেম, প্রেমিকার মন জয় করতে নানা রকমের চেষ্টা, পাগলামি। কিন্তু এসব যিনি করবেন, তাঁর সঙ্গে তাঁর প্রেমিকার রসায়ন হবে একটু অন্য রকম। ত্রিকোণমিতি নাটকে অভিনেতা তারিক আনাম খানকে প্রেম করতে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে! গল্পের স্বার্থেই পর্দায় দেখা যাবে এই দুই শিল্পীর অসম রসায়ন।
ত্রিকোণমিতি নাটকটি লিখেছেন হাবিব জাকারিয়া। এটি পরিচালনা করেছেন অনন্য ইমন। পরিচালক জানিয়েছেন, ঈদের জন্য নির্মিত এই নাটকটি দেখা যাবে চ্যানেল নাইনে। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাঈম।
অসম রসায়ন নিয়ে কথা হয় স্পর্শিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে এ ধরনের চিন্তা মাথাতেই আসেনি। তারিক আনাম খানের সাবলীল অভিনয় ও কাজের ফাঁকে ফাঁকে তাঁর সঙ্গে আমার আলাপচারিতায় সবকিছুই সহজ হয়ে গেছে।’ এদিকে তারিক আনাম খান নাটকটি নিয়ে বলেন, ‘এর গল্পটা আকর্ষণ করার মতো। সেই সঙ্গে নতুন হিসেবে স্পর্শিয়াও ভালো কাজ করেছেন। তাঁর সঙ্গে এর আগে উজান গাঙের নাইয়া নাটকে অভিনয় করেছি। তবে এবার তাঁর সঙ্গে একই ফ্রেমে কাজ করার সুযোগটা বেশি ছিল।’