অসুস্থতায় শুটিং পেছাল তৌসিফের

ঈদের পরপরই কাজে নেমে পড়ার কথা ছিল অভিনেতা তৌসিফ মাহবুবের। কাজ বলতে শুটিং। কিন্তু সবকিছুতেই বাদ সাধল তাঁর অসুস্থতা। হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাও আবার ঈদুল আজহার পরের দিনই। এর মধ্যে একদিন থাকতে হয়েছে হাসপাতালের বিছানাতেও। তবে যা আশঙ্কা করেছিলেন তেমন বিপজ্জনক কোনো কিছুই ধরা পড়েনি।
নিজের অসুস্থতার বিষয়ে তৌসিফ বললেন, ‘আমি ভয় পাচ্ছিলাম ডেঙ্গু বা টাইফয়েড হলো কিনা। কারণ ঈদের আগে বান্দরবানে ‘দুষ্টু ছেলের দল’ নামের একটা ঈদ ধারাবাহিকের শুটিং করেছি। সেখানে মশার খুব উপদ্রব ছিল। কিন্তু রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়েছি ডেঙ্গু বা টাইফয়েড কোনোটাই হয়নি। আল্লার রহমতে বেঁচে গেছি।’
তবে সব মিলিয়ে এবারের ঈদটা বেশ পানসেই গেছে তার। বললেন, ‘ঈদ নিয়ে বেশ কিছু পরিকল্পনা ছিল। বন্ধুদের নিয়ে মজা করার কথা ছিল। কিন্তু সেসবের কিছুই হয়নি। ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত ঘরের বাইরেই বের হতে পারিনি।’
আজ থেকে হিমেল আশরাফের ‘একদিন ছুটি হবে’ ধারাবাহিকের শুটিং করার কথা ছিল তৌসিফ মাহবুবের। একই সঙ্গে চ্যানেল আইয়ের একটি নাটকের কাজ করার কথাও চূড়ান্ত ছিল। কিন্তু অসুস্থতার কারণে সেসবের কিছুই করা সম্ভব হয়নি।
তাঁর নাটকের পরিচালকদের ধন্যবাদ জানিয়ে তৌসিফ বলেন, ‘আমি তাঁদের অনুরোধ করেছিলাম। আমার জন্য এ অবস্থায় শুটিং করাটা বেশ কঠিন কাজই হবে। তাঁরা আমার কথা রেখেছেন। আশা করছি, খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারব।’
এবারের ঈদে ছোট পর্দার তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের বেশ কয়েকটি নাটক ও টেলিছবি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। এ ছাড়া, তিনি ধারাবাহিকের কাজ নিয়েও ব্যস্ত আছেন।