অস্তিত্ব রক্ষার জন্য কাজের মান বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ যাকের
ইরেশ যাকের

এই লেখাটা ঈদের নাটক নিয়ে লেখার কথা ছিল। কী কাজ করলাম? কোন কাজ করে ভালো লাগল? কেন দর্শকের আমাদের এই ঈদে নাটক দেখা উচিত?—এসব নিয়ে লেখা। গত শুক্রবার রাতে যখন লেখাটা নিয়ে ভাবছি, তখন রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের আক্রমণের খবরটা প্রথম পেলাম। গত কয়েক দিন একধরনের ঘোরের মধ্যে আছি। অনেক কিছুই মাথায় আসছে, আবার কোনো কিছুরই হিসাব মেলাতে পারছি না।
কোন নাটক করলাম? কেমন লাগল? কেন আমাদের নাটক দর্শকের দেখা উচিত? এসব লেখার সময় এখন না। তবে লিখতে আমার হবে। শিল্পী হিসেবে আমার লিখতে হবে। যাঁরা সন্ত্রাসের শিকার হয়েছেন, তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য দোয়া করা ছাড়া জনতা হিসেবে আর তেমন কিছু করার নেই। তবে শিল্পী হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। আমি আসলেই বিশ্বাস করি—যারা সন্ত্রাস করে, তারা সন্ত্রাসী হয়ে জন্মায়নি। তাদের এ রকম বানানো হয়েছে। সমাজে যখন শিল্প-সংস্কৃতি চর্চা কমে যায়, তখন মৌলবাদ বাড়ে। সন্ত্রাস বাড়ে। টেলিভিশন-কর্মী হিসেবে আমি দেখি যে আমাদের নাটক ও শিল্পের মান দিনে দিনে কমছে। আমাদের কাজ যেই মনঃসংযোগ, নিষ্ঠা অথবা সৃজনশীলতা দাবি করে, সেটা আমরা পুরোপুরি দিচ্ছি না। বিশেষ কিছু নাটক বাদে আমাদের কাজের মান বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে। অন্তত নাটকের এই জগৎ থেকে আমাদের দেশের তরুণদের আমরা দেখার মতো, ভাবার মতো, উপভোগ করার মতো তেমন কিছুই দিতে পারছি না।
একটা সময় ছিল যখন আমাদের এই জগতের মানুষ দেশের তরুণসমাজের জন্য রোল মডেল হয়ে দাঁড়াত। সেটা হতো শুধুই তাঁদের কাজের মানের কারণে। আমরা এখন কয়জন রোল মডেল দিতে পারছি? নিজেদের দিকে আমাদের কঠোরভাবে তাকাতে হবে। কঠিন প্রশ্নের নির্মম সত্যধারী জবাব দিতে হবে। কর্মের মান দিয়ে তরুণসমাজকে আমাদের মমতার পথে, বিশালতার পথে, সহনশীলতার পথে আনতে হবে। এটি দার্শনিক বিলাসিতা নয়। এটি আমাদের অস্তিত্বের ব্যাপার। অস্তিত্ব রক্ষার জন্য কাজের মান বাড়াতে হবে। তখনই হয়তো শিল্পী হিসেবে এই বিপদকে একটু হলেও আমরা মোকাবিলা করতে পারব। সমাজকে সন্ত্রাসমুক্ত করার দায়িত্ব আমাদের কারও একার নয়, আবার নিজেদের জায়গা থেকে আমাদের সবারই। নিজের জায়গা থেকে নিজের কাজটা ঠিকভাবে করলেই আমরা এ দেশে মৌলবাদ আর সন্ত্রাস ঠেকাতে পারব। দেশকে সভ্যতার পথে আনতে পারব। যাঁরা চলে গেছেন, তাঁদের স্মৃতির প্রতি জুতসই সম্মান দেখাতে পারব।