অ্যাকশন বলা ভুলে যান মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন মাজনুন মিজান।  ছবি: সংগৃহীত
অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন মাজনুন মিজান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো টেলিছবি নির্মাণ করলেন অভিনেতা মাজনুন মিজান। ২০০০ সালে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেতা। সম্প্রতি হঠাৎ তাঁর মানুষ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প ভালো লেগে যায়। চলচ্চিত্র বানানোর জন্য নিজেকে তৈরি করতে হাত দিলেন টেলিছবিতে। তাঁর নির্মিত প্রথম টেলিছবির নাম আমলকী। মাজনুন মিজান বলেন, ‘একটি অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। চারপাশের সাধারণ মানুষের জীবনের সংকট নিয়েই আমার টেলিছবির গল্প।’

তিন শতাধিক নাটকে ‘অ্যাকশন’ শুনে অভ্যস্ত মাজনুন মিজান। কিন্তু নিজের প্রথম পরিচালনা করতে গিয়ে তিনি অ্যাকশন বলতেই ভুলে যান। তিনি বলেন, ‘আমি অ্যাকশন বলতেই ভুলে গিয়েছিলাম। চিত্রগ্রাহক বারবার বলছেন, “ভাই, রোল চলে, রোল চলে (ভিডিও চালু করা হয়েছে)।” প্রথমে বুঝতে পারিনি। পরে বুঝতে পেরে বলেছি, ওহ্, হ্যাঁ, অ্যাকশন।’
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, দীপা খন্দকার, ফারজানা ছবি প্রমুখ। গত ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি আমলকীর শুটিং হয় নোয়াখালী জেলায়। এটি খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।